চেলসিকে উড়িয়ে আর্সেনালের আরও কাছে সিটি

মার্ক গেহির গোলে ২–০ গোলে এগিয়ে যাওয়ার পর সিটির খেলোয়াড়দের উল্লাসএএফপি

চেলসি ০-৩ ম্যানচেস্টার সিটি

আর্সেনাল নিশ্চিত ঘাড়ে তপ্ত নিশ্বাস টের পাচ্ছে!

ম্যানচেস্টার সিটি যে হাত ছোঁয়া দূরত্বে চলে এসেছে। আজ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধানটা ৬-এ নামিয়ে এনেছে সিটি। ৬ নয়, ব্যবধানটাকে আপনি চাইলে ৩ বলতে পারেন। সিটি যে এক ম্যাচ কম খেলেছে আর্সেনালের চেয়ে। ৩২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭০, ৩১ ম্যাচে সিটির ৬৪। শনিবার বোর্নমাউথের কাছে হেরে ব্যবধান ধরে রাখার সুযোগ হারায় আর্সেনাল।

আজ ম্যাচের প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিট যেতে না যেতেই ২-০ করে ফেলে সিটি। রায়ান শেরকির বাড়ানো দারুণ এক বলে মাথা ছুঁইয়ে নিকো ও’রাইলি যখন সিটিকে এগিয়ে দিলেন ম্যাচের বয়স ৫১ মিনিট। ৬ মিনিট পর আবারও শেরকির ঝলক। এবার তাঁর পাস থেকে মার্ক গেহির গোল। ৬৮ মিনিটে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজের মারাত্মক ভুলে কফিনে শেষ পেরেকটি ঠোকেন জেরেমি ডোকু। সানচেজ বল বাড়িয়েছিলেন মোইজেস কাইসেদোকে, কিন্তু ডোকু দ্রুত বল কেড়ে নিয়ে জালে জড়াতে ভুল করেননি।

শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতলেও প্রথমার্ধে চেলসির রক্ষণে খুব একটা ভীতি ছড়াতে পারেনি সিটি। বরং মার্ক কুকুরেয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে পিছিয়েও পড়তে পারত তারা। কিন্তু বিরতির পর ড্রেসিংরুম থেকে ফিরেই অন্য এক সিটিকে দেখে স্ট্যামফোর্ড ব্রিজ।

ম্যাচশেষে আর্লিং হলান্ডের সঙ্গে সিটির জয়ে বড় ভূমিকা রাখা রায়ান শেরকি
রয়টার্স

ম্যানচেস্টার সিটির এই জয়ে বড় কৃতিত্ব ফরাসি প্লে-মেকার রায়ান শেরকির। গার্দিওলার দলে নিজের প্রথম মৌসুমেই নজর কেড়েছেন তিনি।আজও মাঝমাঠে তার সৃষ্টিশীলতা চেলসিকে দিশেহারা করে রাখে।

আরও পড়ুন

অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির দুর্দশা কাটছেই না। এনজো মারেস্কার বিদায়ের পর লিয়াম রোজেনিওর দায়িত্ব নিয়ে প্রথম চার ম্যাচ জিতলেও, শেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিতেছে ব্লুজরা। এনজো ফার্নান্দেজকে দল থেকে বাদ দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত এবং রক্ষণের নড়বড়ে অবস্থা কোচের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই হারের পর তালিকার ষষ্ঠ স্থানে থাকা চেলসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়েছে।

সিটির শেষ গোলটি জেরেমি ডোকুর (ডানে)
এএফপি

আগামী রোববার লিগ নির্ধারণী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে সিটি। এপ্রিল মাসে সিটির রেকর্ড অবিশ্বাস্য—গত কয়েক মৌসুমে এপ্রিলে খেলা ৩২ ম্যাচের ২৯টিতেই জিতেছে তারা। অন্যদিকে গত দুই মৌসুমে শিরোপার খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে খেই হারিয়েছিল আর্সেনাল। গার্দিওলার শিষ্যরা কি এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে? ১৯ এপ্রিলের মহারণের দিকেই এখন তাকিয়ে ফুটবল বিশ্ব।

আরও পড়ুন