‘পারফেক্ট’ রদ্রির অভিষেকে সবাই খুশি বার্সায়

বার্সার জয়ের পর দর্শকদের অভিবাদনের জবাবে রদ্রিএএফপি

ক্যাম্প ন্যুতে ম্যাচের তখন ৬৩ মিনিট। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা এগিয়ে ১-০ গোলে। গোলদাতা রাফিনিয়াকে তুলে রদ্রিকে নামান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সর্বশেষ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই ডিফেন্সিভ মিডফিল্ডার দৌড়ে মাঠে ঢোকার সময় করতালির বৃষ্টি নামল গ্যালারিতে। কাতালান ক্লাবটির সমর্থকেরা যেন এমন এক মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন!

শেষ বাঁশি বাজার পর স্কোরলাইনে বার্সা-অ্যাথলেটিক ম্যাচের স্কোরলাইন ২-০। তারপর সংবাদ সম্মেলনে সমর্থকদের মনের অনুচ্চারিত কথাটা বলে দিলেন ফ্লিক, ‘সবাই খুব খুশি যে, সে আমাদের হয়ে খেলছে, বার্সার হয়ে খেলছে। সে আমাদের জন্য ‘‘পারফেক্ট’’ খেলোয়াড়। আমাদের দর্শন ও যে ধারার খেলা আমরা খেলতে চাই, সে জন্য ‘‘পারফেক্ট’’ খেলোয়াড়।’

ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সায় যোগ দেওয়ার পর কাতালান ক্লাবটির হয়ে গতকাল রাতে অভিষেক হলো রদ্রির। এলচের বিপক্ষে আগের ম্যাচেই অভিষেক হয়ে যেত, ম্যাচ খেলার ছন্দে ছিলেন না বলে হয়নি। বিলবাওয়ের বিপক্ষে লা লিগায় বার্সার দ্বিতীয় ম্যাচটিকেই রদ্রির অভিষেকের মোক্ষম মঞ্চ মনে হয়েছে ফ্লিকের।

৩৭ মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত গোল যদি সেই মঞ্চ তৈরি করে দেয় তাহলে ৮২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে আসলে পর্দা নেমেছে রদ্রির অভিষেক-মঞ্চের। লা লিগায় ঘরের মাঠে মৌসুমের প্রথম এ ম্যাচটি অবশ্য শুধু রদ্রির জন্য মনে রাখবেন না বার্সার সমর্থকেরা।

বিলবাও গোলকিপার সিমোনকে কাটিয়ে গোল করছেন রাফিনিয়া
এএফপি

এলচের বিপক্ষে দুই গোল করা রাফিনিয়া তাঁর ফর্ম টেনেছেন এই ম্যাচেও। পেদ্রির পাস থেকে বিলবাও গোলকিপার উনাই সিমোনকে ফাঁকি দিয়ে গোল করেছেন প্রথাগত নম্বর নাইনের মতো। লোপেজের গোল বিলবাও সেন্টারব্যাক আইমেরিক লাপোর্তের ভুলের ফসল। তবে দুজনের খেলা দেখে মনে হয়েছে, ৯ নম্বর স্ট্রাইকারের অভাবটা ফ্লিককে তাঁরা বুঝতে দিতে চান না।

লামিনে ইয়ামালের মোটামুটি নিষ্প্রভ থাকার ম্যাচে দুজনের এমন পারফরম্যান্স নিশ্চয়ই মনে রাখবেন সমর্থকেরা; যদিও বার্সা আরও গোল পেতে পারত। গোল পাওয়ার আগে রাফিনিয়া পোস্টে মেরেছেন। দুর্দান্ত কিছু সেভ করেন সিমোনও।

আরও পড়ুন

বার্সা সমর্থকদের জন্য ম্যাচটি নতুন দিনের আগমনী বার্তাও। রদ্রিকে বেঞ্চে বসিয়ে মূল একাদশে ইয়ামাল, পাউ কুবারসি, মার্ক বের্নাল ও জাভি এসপার্তের মতো চার কিশোর বয়সী ফুটবলারকে খেলান ফ্লিক। দ্বিতীয়ার্ধের শেষ দিকে রদ্রি তাতে যোগ করেন অভিজ্ঞতা। তখন হয়তো বার্সার ভবিষ্যৎ দিনগুলোর ছবি দেখতে পেয়েছেন ক্লাবটির সমর্থকেরা—৩০ বছর বয়সী রদ্রি তাঁর অভিজ্ঞতার ভাঁড়ার খুলে আগামী দিনে নেতৃত্ব দেবেন তরুণদের। সর্বশেষ বিশ্বকাপে স্পেন দলের খেলার ধাঁচ তো অনেকটাই এমন ছিল!

অভিষেকের পর রদ্রি অবশ্য সেসব প্রসঙ্গে যাননি। ব্যালন ডি’অরজয়ী এই ডিফেন্সিভ মিডফিল্ডার আপাতত বার্সার হয়ে যাত্রা শুরু করতে পেরেই খুশি, ‘বার্সার হয়ে প্রথম ম্যাচটি খেলে এবং জিততে পেরে ভালো লাগছে। দলের টানা দ্বিতীয় জয়। ছন্দ ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ।’

গোলের পর ফেরমিন লোপেজের উদ্‌যাপন
এএফপি

ছন্দের প্রশ্নে বার্সায় আপাতত সবচেয়ে বেশি চমকে দিচ্ছেন রাফিনিয়া। মূলত উইঙ্গার হলেও এলচের বিপক্ষে স্ট্রাইকারের ভূমিকায় পেয়েছেন জোড়া গোল। একই ভূমিকায় গোল পেলেন বিলবাওয়ের বিপক্ষেও। ফ্লিকের অবশ্য ব্রাজিলিয়ান এই তারকার পজিশন নিয়ে কোনো মাথাব্যথা নেই, ‘রাফা কোন পজিশনে খেলে সেটা কোনো বিষয় নয়। অধিনায়ক হিসেবে সে এই দল ও ক্লাবের প্রতি নিজের প্রতিশ্রুতি পূরণ করছে। সমর্থকেরা তাকে পছন্দ করে আর সেটা খুব ভালো বিষয়।’

লা লিগায় ঘরের মাঠে এ নিয়ে টানা ২০ ম্যাচ জিতল বার্সা। এর আগে ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত জিতেছিল টানা ২৫ ম্যাচ। ক্যাম্প ন্যুতে এই ম্যাচে বার্সার পোস্টে একটি শটও নিতে পারেনি বিলবাও। ক্যাম্প ন্যুতে টানা ১৬ ম্যাচ জয়শূন্য রইল ক্লাবটি।

আরও পড়ুন