মেসিদের চ্যালেঞ্জ জানাতে আসছে আর্টেমিস
‘লিওনেল মেসি, সাবধান! আর্টেমিস কিন্তু চলে এসেছে।’
তর্কযোগ্যভাবে সময়ের সেরা ফুটবলার মেসিকে এভাবে সতর্ক করেই সংবাদটা শুরু করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এই আর্টেমিস কোন দেশের, খেলেনই বা কোন ক্লাবে—এমন প্রশ্ন করতেই পারেন ফুটবলপ্রেমীরা। তিন যুগের খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে ‘চ্যালেঞ্জ’ জানানো আর্টেমিসকে নিয়ে এসব প্রশ্নের কোনো উত্তর নেই। থাকবেই বা কীভাবে, আর্টেমিস তো মানুষই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার একটি রোবট।
ঠিকানা অবশ্য একটা আছে। ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতা ও ৩৮ কিলোগ্রাম ওজনের আর্তেমিসের বাড়ি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে। বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়টি ইউসিএলএ নামেই বেশি পরিচিত। সেই ইউসিএলএর মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ফুটবল শেখাচ্ছেন আর্টেমিসকে। তাঁদের দাবি আর্টেমিস এখন মাঠে নামতে প্রস্তুত। আগামী জুলাইয়ে ফ্রান্সের বোর্দোতে রোবোকাপেই নিজের ফুটবলশৈলী দেখাতে নামবে আর্টেমিস।
আপনার রোবট যদি এই সকার (ফুটবল) খেলাটাও না খেলতে পারে, তাহলে আপনি কীভাবে এই রোবটদের দিয়ে আরও গুরুত্বপূর্ণ, যেমন মানুষের জীবন রক্ষার মতো কাজ করাবেন?
অ্যাডভান্সড রোবোটিক টেকনোলজি ফর এনহ্যান্সড মবিলিটি অ্যান্ড ইমপ্রুভড স্ট্যাবিলিটির আদ্যক্ষরগুলো নিয়েই ARTEMIS বা আর্টেমিসের নামকরণ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই রোবট ফুটবলার খুব জোরে নেওয়া লাথি ও ধাক্কা সামলে দাঁড়িয়ে থাকতে পারে। জোরে দৌড়াতেও পারা আর্টেমিসকে যে গুণটি অনন্য করেছে, সেটি হলো ফুটবলে লাথি মারার ক্ষমতা।
ইউসিএল রোবোটিকস অ্যান্ড মেকানিজমস ল্যাবরেটরির (রোমেলা) পরিচালক ও মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডেনিস হং ব্যাখ্যা করেছেন, কেন রোবটকে ফুটবল শেখাচ্ছেন তাঁরা, ‘আপনার রোবট যদি এই সকার (ফুটবল) খেলাটাও না খেলতে পারে, তাহলে আপনি কীভাবে এই রোবটদের দিয়ে আরও গুরুত্বপূর্ণ, যেমন মানুষের জীবন রক্ষার মতো কাজ করাবেন?’ হং জানিয়েছেন, রোবট ফুটবলার দিয়ে অগ্নিনির্বাপণ ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কাজও করানো যাবে।
আর্টেমিসের অ্যাকটুয়েটরস নিয়েই সবচেয়ে বেশি গর্বিত ইউসিএলএর বিজ্ঞানীরা। অ্যাকটুয়েটরস হলো রোবটের সেই অংশ, যেটি নড়াচড়া করতে পারে। প্রাণী দেহের মাংসপেশির মতোই আচরণ করে এটি।
আর্টেমিসের অ্যাকটুয়েটরসই প্রথম অ্যাকটুয়েটরস, যেটি বিদ্যুৎ নিয়ন্ত্রিত। আগের রোবটগুলোর অ্যাকটুয়েটরস হাইড্রোলিকসে চলত। যার অর্থ আর্টেমিস খুব দ্রুত শব্দ না করেই কাজ করে যেতে পারবে।
দেখা যাক রোবোটিক মেসি কত দূর যেতে পারে!