এএফসি চ্যাম্পিয়নস লিগ অভিষেকে ৪ গোলে হারল রাজশাহী স্টারস

ভারতের ইস্টবেঙ্গলের কাছে হেরেছে বাংলাদেশের রাজশাহী স্টারসএএফসি

বলের দখলে এগিয়ে ছিল রাজশাহী স্টারস, তবে বল দখলে রাখাটাই তো সবকিছু নয় ফুটবলে। আসল কাজ গোল করা, প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল সেই কাজটাই নিখুঁতভাবে করেছে। ফল, এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচে কলকাতার ক্লাবটির কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশের নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস।‎

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে আজ পুরো ম্যাচে গোলমুখে ১০টি শট নিয়েছে রাজশাহী। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। তবে ইস্ট বেঙ্গলের গোলকিপারকে পরাস্ত করার মতো ধার ছিল না সেসব শটে। বিপরীতে রাজশাহীর রক্ষণভাগের ওপর শুরু থেকেই চাপ তৈরি করে একের পর এক আক্রমণ চালিয়েছে ইস্ট বেঙ্গল। বাংলাদেশের ক্লাবটির গোলমুখে কলকাতার দলের শট ছিল ১৫টি, যার ছয়টি লক্ষ্যে পৌঁছায়।

‎‘এ’ গ্রুপে রাজশাহী স্টারসের অন্য দুই প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি ও স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসি। ২০ আগস্ট একই মাঠে সাবাহ এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী।

টুর্নামেন্ট শুরুর আগে কোচ গোলাম রব্বানী ও অধিনায়ক শিউলি আজিম দুজনই বলেছিলেন, আসল পরীক্ষাটা দিতে হবে ইস্ট বেঙ্গলের বিপক্ষেই। মাঠের লড়াইয়েও সেটিই যেন প্রমাণিত হলো।

প্রথম গোলের পর ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের উল্লাস
এএফসি

প্রথমার্ধেই রাজশাহীকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় কলকাতার ক্লাবটি। ম্যাচের নবম মিনিটেই ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন ঘানাইয়ান খেলোয়াড় অলিভিয়া আনোকিয়ে। এরপর ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাওঁ। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন অলিভিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ গোলে পিছিয়ে পড়েন তহুরা-স্বপ্নারা।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল রাজশাহী। কিন্তু আক্রমণে ধার বাড়াতে পারেনি তারা। বরং ইস্ট বেঙ্গল একের পর এক আক্রমণ করে রাজশাহীর রক্ষণকে ব্যস্ত রাখে। শেষ পর্যন্ত ম্যাচের চতুর্থ গোলটিও আদায় করে নেয় কলকাতার দলটি; গোলটি করেন সৌম্যা গুগুলোথ।

বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলছে রাজশাহী স্টারস
এএফসি

এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে বাংলাদেশ থেকে কোনো ক্লাব অংশ নেয়নি। এবার তৃতীয় আসরে বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলছে রাজশাহী। ফলে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসেও এটি নতুন এক অধ্যায়ের সূচনা।

ইস্ট বেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারের পর এখন তাদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ২০ আগস্ট সাবাহ এফসির বিপক্ষে সেই সুযোগই কাজে লাগাতে চাইবে গোলাম রব্বানীর দল।

আরও পড়ুন