রিয়াল সভাপতিকে জোড়া গোল উপহার ভিনির

মাদ্রিদ ডার্বিতে গতকাল রাতে জোড়া গোল করেন ভিনিএএফপি

‘খেলোয়াড় হিসেবে তাকে পেয়ে আমি সৌভাগ্যবান। জানি না সে ক্যারিয়ারের সেরা ফর্মে আছে কি না। (তা না হলেও) সেখান থেকে বেশি দূরে নেই।’

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে ‘মাদ্রিদ ডার্বি’শেষে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে কথাগুলো বলেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। কেন এমন কথা, সেটাও বুঝে নেওয়া কঠিন কিছু নয়। ভিনিসিয়ুসের জোড়া গোলে কাল আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল।

তবে শুধু গতকাল রাতের পারফরম্যান্সের কারণে রিয়াল কোচ আরবেলোয়া এমন কথা বলেননি। আরবেলোয়া রিয়াল কোচ হয়ে আসার পর এ পর্যন্ত ১৭ ম্যাচে ১১ গোল করেছেন ভিনি। তাঁর পূর্বসূরি জাবি আলোনসো কোচ থাকতে ৩৪টি ম্যাচে ভিনি গোল করেছিলেন মাত্র ৭টি। আরবেলোয়া আসলে ধীরে ধীরে ভিনিকে ‘পুনরুদ্ধার’ করেছেন।

আদেমোলা লোকমানের গোলে ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় রিয়াল। ম্যাচের আসল মজাটা জমেছে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে পেনাল্টি থেকে ভিনির সমতা সূচক গোল, তিন মিনিট পর ফেদেরিকো ভালভের্দের গোলে রিয়ালের এগিয়ে যাওয়া এবং তারপর ৬৬ মিনিটে নাহুয়েল মলিনার গোলে আবারও সমতায় ফেরে আতলেতিকো।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া
এএফপি

তখন একটু দুশ্চিন্তায় পড়েছিলেন রিয়ালের সমর্থকেরা। কারণ, লা লিগার শিরোপা–দৌড়ে ভালোভাবে টিকে থাকতে মাদ্রিদ ডার্বি জয়ের বিকল্প ছিল না। ৭২ মিনিটে ভিনির গোল সেই নিশ্চয়তাই দিয়েছে রিয়াল সমর্থকদের। এ কারণে ৮৭ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মানও জানিয়েছে গ্যালারি।

আরবেলোয়া মনে করেন, ভিনির প্রতিভা দেখানোর আরও একটি মঞ্চ ছিল এই ম্যাচ, ‘আরও একটি ম্যাচে ভিনি নিজের প্রতিভা, সাহস ও জাতটা চেনাল।’

আরও পড়ুন

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি সব সময় ভিনিকে ম্যাচে জোড়া গোল করতে বলেন। এ নিয়ে সর্বশেষ দুটি ম্যাচেই তা করলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও দুটি গোল করায় সর্বশেষ দুই ম্যাচে ৪ গোল হলো ভিনির। পেশাদার ক্যারিয়ারে এই প্রথম টানা দুই ম্যাচেই জোড়া গোলের দেখা পেলেন ভিনি।

ম্যাচ শেষে মাদ্রিদ টিভিকে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘কৃতিত্বটা আসলে সবার—কোচ, খেলোয়াড় ও ভক্ত। ভালো লাগছে, কারণ মৌসুমজুড়ে এমন ম্যাচেরই প্রস্তুতি নিই। সভাপতি সব সময় আমাকে জোড়া গোল করতে বলেন। আজ তার জন্য দুটি গোল করেছি।’

সময়টা এখন দারুণ কাটছে ভিনির। গতকাল রাতে গোলের পর
এএফপি

নির্ধারিত সময়ের শেষ ১৩ মিনিটে ১০ জন নিয়ে খেলেছে রিয়াল। ৭৭ মিনিটে আতলেতিকোর অ্যালেক্স বায়েনাকে ফাউল করে লাল কার্ড দেখেন ভালভের্দে। রেফারি হোসে লুইস মুনুয়েরার এই সিদ্ধান্ত নিয়ে আরবেলোয়া বলেন, ‘সে বলেছে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। আমার তেমন মনে হয়নি। (বায়েনাকে) আঘাত করার লক্ষ্য ছিল না। তবে তাঁর (রেফারি) ব্যাখ্যায় আমি কৃতজ্ঞ।’

আরবেলোয়ার জন্যও রিয়াল কোচ হিসেবে সময়টা ভালোই কাটছে। এই ১৭ ম্যাচের মধ্যেই জোসে মরিনিও ও পেপ গার্দিওলার মতো কোচকে হারিয়েছে দুবার, আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনেকে হারালেন একবার। তবে এসব ছাপিয়ে আরবেলোয়ার মনোযোগ থাকার কথা এখন লা লিগার পয়েন্ট তালিকায়। ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। চতুর্থ আতলেতিকোর সংগ্রহ ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট।

আরও পড়ুন