আত্মঘাতী গোল করে নিহত হওয়া সেই এসকোবারের সন্দেহভাজন খুনিও নিহত

কলম্বিয়ার প্রয়াত ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারফিফা এক্স হ্যান্ডল

১৯৯৪ বিশ্বকাপে কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের কথা মনে আছে?

কলম্বিয়ার সেই তারকা ফুটবলারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কুখ্যাত মাদক ব্যবসায়ী সান্তিয়াগো গ্যালন হেনাও মেক্সিকোতে নিহত হয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গতকাল নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে মেক্সিকোর তোলুকা প্রসিকিউটর অফিস (অ্যাটর্নি জেনারেলের কার্যালয়) নিশ্চিত করেছে, গ্যালন হেনাও মেক্সিকোর হুইক্সকিলুকান এলাকার একটি রেস্তোরাঁয় গুলিতে প্রাণ হারিয়েছেন।

১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে একটি ‘আত্মঘাতী’ গোল করেছিলেন এসকোবার। ওই গোলের কারণেই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় কলম্বিয়াকে। এর ঠিক দশ দিনের মাথায় ২ জুলাই মেডেলিন শহরের একটি নৈশ ক্লাবের বাইরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে একটি আত্মঘাতী গোল করেছিলেন এসকোবার
এএফপি

তদন্তে উঠে আসে, সেই রাতে নৈশ ক্লাবে এসকোবারের সঙ্গে গ্যালন ও তাঁর ভাইয়ের ঝগড়া হয়েছিল। অভিযোগ আছে, গ্যালনদের গাড়িচালক হামবার্তো মুনোজ কাস্ত্রো পার্কিং লটে এসকোবারকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, খুনি মুনোজ প্রতিবার গুলি করার সময় বিদ্রূপ করে ‘গোল!’ বলে চিৎকার করছিলেন। পরে মুনোজ অপরাধ স্বীকার করেন ও তাঁর জেল হয়।

আরও পড়ুন

ধারণা করা হয়, বিশ্বকাপে কলম্বিয়ার হারে বড় অঙ্কের টাকা বাজি ধরেছিলেন মাদক ব্যবসায়ীরা। সেই ক্ষোভ থেকেই তাঁরা এসকোবারকে টার্গেট করেন। প্রেসিডেন্ট পেত্রো এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এসকোবার হত্যাকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে কলম্বিয়ার ভাবমূর্তি পুরোপুরি ধুলায় মিশিয়ে দিয়েছিল।

সে সময়কার কলম্বিয়া ছিল সহিংসতার স্বর্গরাজ্য। মেডেলিন শহর নিয়ন্ত্রণ করত মাদক ব্যবসায়ীরা। তখন সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে খুনের হার ছিল ৩৮০ জন!

গ্যালন হেনাও ও তাঁর ভাই বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ মাস জেল খাটলেও তাঁদের পূর্ণাঙ্গ বিচার কখনো শেষ হয়নি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাঁদের মাদক ব্যবসার দায়ে কালোতালিকাভুক্ত করে। তাঁরা কুখ্যাত পাবলো এসকোবারের ‘মেডেলিন কার্টেল’-এর উত্তরসূরি দল ‘লা অফিসিনা দে এনভিগাডো’র সদস্য ছিলেন।

আরও পড়ুন