ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি
আর্জেন্টিনাকে কি ফিফা কোনো বিশেষ সুবিধা দেয়? সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথার পক্ষে-বিপক্ষে এমন গুঞ্জন ওঠে প্রায়ই। এবার বিশ্বকাপেও আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনে কথাটি উঠেছিল প্রশ্নের আকারে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি উত্তর দিয়েছেন।
মায়ামিতে কাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ স্কালোনি। সেখানে এই ম্যাচ নিয়ে আলোচনার পাশাপাশি আর্জেন্টিনা দলের প্রতি কথিত পক্ষপাতিত্ব নিয়ে অনলাইনে নানা আলোচনা-সমালোচনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, প্রশ্নটি করা মাত্রই স্কালোনি বুঝিয়ে বলেন কীভাবে এসব গুঞ্জন থেকে দল নিজেদের দূরে রাখে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা না পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকাবেন না, ব্যস এটুকুই। যদি ওসব না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।’
লাইক আর রিটুইটের এই যুগে ভিত্তিহীন যেকোনো গুঞ্জন যে সহজেই বাস্তবতাকে আড়াল করে দিতে পারে, তা ভালোই বোঝেন স্কালোনি। তাঁর ভাষায়, ‘আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। আমার মনে হয়, এসব বিষয়কে আমাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’
স্কালোনি এ নিয়ে তাঁর বক্তব্যে ইতি টেনে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম জিনিসটাই এমন। এর ভালো দিক যেমন আছে, তেমনি কিছু খারাপ দিকও আছে। দুর্ভাগ্যবশত, যে কেউ যেকোনো আজেবাজে কথা পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা ছড়িয়ে পড়ে সবখানে। আমরা এসবের দিকে একদমই কান দিই না, ব্যস এটুকুই।’