হামজার দল আবারও অবনমনের শঙ্কায়

লেস্টার সিটি এখন চ্যাম্পিয়নশিপ থেকে অবনমনের শঙ্কায়এক্স/লেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার চ্যাম্পিয়নশিপ লিগ থেকেও অবনমনের শঙ্কায় লেস্টার সিটি। ২০১৬ সালে প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটি আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে নেমে যেতে পারে। মাঠের ফুটবলে লাগাতার দুর্দশা আর আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে পয়েন্ট কেটে যাওয়ায় এমন দুরবস্থায় পড়েছে হামজা চৌধুরীর দল।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে লেস্টার এখন পয়েন্ট তালিকার ২২ নম্বরে আছে। অবনমন এড়াতে হলে ন্যূনতম ২১তম হয়ে লিগ শেষ করতে হবে। এ জন্য হামজাদের হাতে আছে আর মাত্র পাঁচ ম্যাচ।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা লেস্টার এবার চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই নড়বড়ে অবস্থায়। ফেব্রুয়ারিতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এসে দেখা দেয় একটি স্বাধীন কমিশনের সিদ্ধান্ত। কমিশন জানায়, লেস্টার ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের সময়সীমায় ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ সংক্রান্ত নিয়ম (পিএসআর) লঙ্ঘন করেছে। চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন পাওয়ার ওই সময়ে তাদের ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি পাউন্ডের বেশি, যদিও নিয়মানুযায়ী তা ৮.১ কোটির ভেতরে থাকার কথা।

আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে কমিশন লেস্টার সিটির ৬ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত দিলে তাৎক্ষণিকভাবে চ্যাম্পিয়নশিপে ১৭তম থেকে ২০তম স্থানে নেমে যায় ক্লাবটি। তখনো পর্যন্ত অবনমন অঞ্চলের বাইরে ছিল দলটি। পরে পয়েন্ট কর্তনের বিরুদ্ধে আপিলও করে লেস্টার। এ দিকে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট পাওয়ায় দলটি চ্যাম্পিয়নশিপে ২২তম স্থানে নেমে যায়।

হামজা চৌধুরীর দল এখন চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় নিচের দিকে অবস্থান করছে
এক্স/লেস্টার সিটি

বুধবার প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, ‘চলতি মৌসুমে লেস্টার সিটি ফুটবল ক্লাবের ৬ পয়েন্ট কেটে নেওয়ার জন্য একটি স্বাধীন কমিশনের সুপারিশকৃত সিদ্ধান্তটি আপিল বোর্ড বহাল রেখেছে।’ এর ফলে লেস্টারের অবনমন এড়ানোর লড়াই পুরোপুরি মাঠ-নির্ভর হয়ে পড়েছে।

৪১ ম্যাচের ১১টিতে জয় আর ১৪টি ড্র থাকলেও লেস্টারের পয়েন্ট এখন ৪১। ২৩তম স্থানে থাকা অক্সফোর্ড ইউনাইটেডের পয়েন্টও ৪১ ম্যাচে ৪১। আর দুই দফায় ১৮ পয়েন্ট কর্তনের মুখে পড়া শেফিল্ড ওয়েনসডে মাইনাস ৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে অবনমনের খাদে পড়ে গেছে।

লেস্টার ও অক্সফোর্ডকে এখন অবনমন এড়াতে শেষ পাঁচ ম্যাচে যত বেশি সম্ভব পয়েন্ট তুলতে হবে। ২১তম স্থানে থাকা পোস্টমাউথের পয়েন্ট ৪০ ম্যাচে ৪২, ২০তম স্থানে ওয়েস্ট ব্রমের পয়েন্ট ৪১ ম্যাচে ৪৫।

আরও পড়ুন

২০০৮ সালের পর আবারও লিগ ওয়ানে খেলা এড়াতে লেস্টার এখন শেষ পাঁচ ম্যাচে তাকিয়ে। পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত আপিলেও বহাল থাকার পর ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মৌসুমের আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। ক্লাবের প্রত্যেকে এখন সামনের ম্যাচগুলোর দিকে পুরোপুরি মনোনিবেশ করছে, যাতে মাঠের পারফরম্যান্সের মাধ্যমে মৌসুমের ফলাফল নিজেদের অনুকূলে আনা যায়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন মূল দায়িত্ব হলো বর্তমান পরিস্থিতির দাবি অনুযায়ী পূর্ণ একাগ্রতা ও লক্ষ্যের সঙ্গে অবশিষ্ট ম্যাচগুলোতে অংশ নেওয়া।’

লেস্টারের পরবর্তী ম্যাচ শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে, যারা ৪১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে।

আরও পড়ুন