হলান্ডের গোলের গাড়ি চলছেই
ম্যানচেস্টার সিটি বা নরওয়ে জাতীয় দল। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ বা উয়েফা নেশনস লিগ—আর্লিং হলান্ডের গোলের গাড়ি চলছেই! ম্যান সিটির হয়ে সর্বশেষ ম্যাচটি হলান্ড খেলেছেন ১৭ সেপ্টেম্বর। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩–০ গোলে জেতা সেই ম্যাচের ১৬ মিনিটে গোল করেছেন হলান্ড। এরপর তিনি চলে যান নরওয়ের হয়ে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলতে।
নেশনস লিগে গতকাল রাতে স্লোভেনিয়ার বিপক্ষে ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেন হলান্ড। শেষ পর্যন্ত অবশ্য নরওয়েকে জেতাতে পারেননি, স্লোভেনিয়ার কাছে ২–১ গোলে হেরেছে তাঁর দল।
দলকে জেতাতে না পারলেও ২২ বছর বয়সী হলান্ডের গোলের চাকা ঘুরছেই। এই নিয়ে ২০২২–২৩ নেশনস লিগে ৬ গোল করলেন হলান্ড। নেশনস লিগে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে তাঁর দলের মোট গোল ৭টি।
৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে সার্বিয়া। ৫ পয়েন্ট নিয়ে স্লোভেনিয়ার অবস্থান তিন নম্বরে।
শুধু জাতীয় দলের হয়েই নয়, হলান্ড গোলের পর গোল করে চলেছেন তাঁর ক্লাব ম্যান সিটির জার্সিতেও। ইংলিশ প্রিমিয়ার লিগে দলটির হয়ে ১০ ম্যাচে এখন পর্যন্ত তাঁর গোল ১৪টি। এর মধ্যে ১১টি গোল তিনি করেছেন প্রিমিয়ার লিগে। চ্যাম্পিয়নস লিগে ২ ম্যাচে করেছেন ৩ গোল।
নেশনস লিগে কাল জয় পেয়েছে সার্বিয়াও। সুইডেনের বিপক্ষে সার্বিয়াকে ৪–১ গোলের জয় এনে দিতে হ্যাটট্রিক করেছেন ফুলহামের গোলমেশিন মিত্রোভিচ। এই নিয়ে নেশনস লিগে তাঁর গোল হলো ৫টি। ফুলহামের হয়ে এবারের প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ৬ গোল করেছেন সার্বিয়ান স্ট্রাইকার।