বার্সাকে উচ্ছ্বাসে ভাসালেন বিশ্বকাপ–যন্ত্রণায় পোড়া লেভানডফস্কি

ম্যাচের শেষ দিকে জয়সূচক গোল করে লেভানডফস্কির উচ্ছ্বাসএএফপি

বিশ্বকাপ খেলার সুযোগ আসে প্রতি চার বছরে একবার। আর বয়স যখন চল্লিশ পেরিয়ে যাবে, তখন তো দলে জায়গা করাই মুশকিল হয়ে যাবে।

২০২৬ বিশ্বকাপ নিয়ে রবার্ট লেভানডফস্কির দুঃখটা তাই বড়সড়ই। ৩১ মার্চ প্লে-অফ ফাইনালে সুইডেনের কাছে পোল্যান্ডের হারের কারণে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর। তবে বিশ্বকাপ নিয়ে হতাশার মাঝেই গতকাল বার্সেলোনাকে উচ্ছ্বাসে ভাসিয়েছেন লেভানডফস্কি।

৩৭ বছর বয়সী এই স্ট্রাইকারের গোলেই লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। যে জয়ে বার্সার লিগজয়ের সম্ভাবনা এখন যথেষ্টই উজ্জ্বল। লিগের আট ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানধারী রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে লেভার দল।

রিয়াদ এয়ার মেত্রোপলিতানোর ম্যাচটিতে প্রথম গোল করে আতলেতিকোই। তবে ৩৯তম মিনিটে গিলিয়ানো সিমিওনের গোলের তিন মিনিট পরই মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে বার্সা। স্বাগতিকেরা বড় বিপদে পড়ে প্রথমার্ধের যোগ করা সময়ে। লামিনে ইয়ামালকে ফাউলের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন আতলেতিকোর নিকোলাস গঞ্জালেস। ম্যাচের বাকি সময়ে তাদের দশজন নিয়ে খেলতে হয়েছে।

ম্যাচে বার্সেলোনার প্রথম গোল করেন মার্কাস রাশফোর্ড
এএফপি

বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিনও অবশ্য লাল কার্ড দেখেছিলেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুর ওই কার্ড পরে ভিএআরে বাতিল হয়। ১-১ সমতায় এগোতে থাকা ম্যাচে বার্সা জয়ের গোলটি পায় ৮৭তম মিনিটে। আতলেতিকো গোলকিপার হুয়ান মুসোর বুকে বল লেগে সোজাসুজি থাকা লেভানডফস্কির কাছে যায়। বুকের স্পর্শে দিক পরিবর্তন করে বল জালে পাঠাতে তিনি ভুল করেননি। এটি চলতি লিগে তাঁর ১২তম গোল, সব মিলিয়ে বার্সেলোনার হয়ে ১১৭তম।

আতলেতিকোর বিপক্ষে জয়ের পর বার্সার পয়েন্ট ৩০ ম্যাচে ৭৬। বিপরীতে গতকাল মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে যাওয়া রিয়ালের পয়েন্ট সমান ম্যাচে ৬৯।

আরও পড়ুন