ট্রেনের ধাক্কায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু আর্সেনালের সাবেক গোলকিপারের

অ্যালেক্স ম্যানিঙ্গাররয়টার্স

দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আর্সেনালের সাবেক গোলকিপার অ্যালেক্স ম্যানিঙ্গার। একটি ট্রেন তাঁকে বহন করা গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আজ অস্ট্রিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে সালজবুর্গের কাছে একটি লেভেল ক্রসিংয়ে ম্যানিঙ্গার প্রাণ হারান।

৪৮ বছর বয়সী ম্যানিঙ্গার ১৯৯৭ থেকে ২০০২ সালের মধ্যে আর্সেনালের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া ২০০৮ ইউরোসহ ৩৩টি ম্যাচ খেলেন অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে।

বিবিসির খবরে পুলিশ সূত্রে বলা হয়, গাড়িটিকে ট্রেন বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায়, এ সময় ম্যানিঙ্গার একাই ছিলেন গাড়িতে। তাঁর মৃত্যুতে অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর পিটার শটেল শোক জানিয়ে বলেছেন, ম্যানিঙ্গার মাঠে এবং মাঠের বাইরে অস্ট্রিয়ান ফুটবলের একজন অসামান্য দূত ছিলেন।

১৯৯৫ সালে নিজের শহরের দল রেড বুল সালজবুর্গ দিয়ে ক্যারিয়ার শুরু করা ম্যানিঙ্গার পরবর্তী সময়ে জুভেন্টাস, উদিনেস, আর্সেনালসহ ইউরোপের মোট ১৪টি ক্লাবে খেলেছেন। ২০১৬ সালে ৩৯ বছর বয়সে লিভারপুলের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করলেও প্রাক্‌–মৌসুম ছাড়া আর কোনো ম্যাচ খেলেননি। পরের বছরই তিনি ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

আর্সেনালে থাকার সময় ম্যানিঙ্গার মূলত ডেভিড সিম্যানের বিকল্প হিসেবে খেলতেন। তবে ১৯৯৭-৯৮ মৌসুমের শেষের দিকে ইংল্যান্ডের এই গোলকিপার চোটে পড়লে তিনি দলের হাল ধরেন। ওই মৌসুমে ম্যানিঙ্গার এফএ কাপের ষষ্ঠ রাউন্ডে ওয়েস্ট হামের বিপক্ষে পেনাল্টিতে আর্সেনালের জয়ে ভূমিকা রাখেন। ১৯৯৮ সালের মার্চে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।

২০০৮ থেকে পরবর্তী চার বছর ছিলেন জুভেন্টাসে, জিয়ানলুইজি বুফনের বিকল্প গোলকিপার হিসেবে।

আরও পড়ুন