নারী এশিয়ান কাপ শুরু আজ, এবার মেয়েদের হাতে বাংলাদেশের পতাকা
বাংলাদেশের ফুটবলে এমন গৌরবময় সময় কমই এসেছে। ১৯৮০ সালে পুরুষ দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছিল। দীর্ঘ ৪৫ বছর পর সেই গৌরবের পতাকা এখন বাংলাদেশের মেয়েদের হাতে। অস্ট্রেলিয়ায় এশিয়ান নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। প্রতিযোগী ১২টি দেশের মধ্যে আছে লাল-সবুজ বাংলাদেশও।
বাংলাদেশই একমাত্র দল, যাদের অভিষেক হচ্ছে এবারের ২১তম এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। তিন গ্রুপে ভাগ হয়ে খেলা ১২ দলের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিংই সবচেয়ে বেশি (১১২)। পরিসংখ্যানের এই খতিয়ান মাঠের লড়াইয়ে কতটুকু প্রভাব ফেলবে, তা নিয়ে ভাবছেন না মারিয়া-মনিকারা। ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচের প্রতিপক্ষ এশিয়ান নারী ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে সফল দল চীন, যারা এবার দশম এশিয়ান নারী ফুটবলের শিরোপার খোঁজে অস্ট্রেলিয়ায় এসেছে। চীন কখনো এই টুর্নামেন্টে সেরা চারের বাইরে থাকেনি।
তার আগে অবশ্য পার্থে আজই টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে স্বাগতিক এবং ২০১০ সালের এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর ২০২২ সালের সেমিফাইনালিস্ট ফিলিপাইনের ম্যাচ দিয়ে। পরদিন গোল্ড কোস্টে গতবারের রানার্সআপ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে দ্বিতীয়বারের মতো চূড়ান্ত পর্বে আসা ইরান। অস্ট্রেলিয়ার তিন শহরের পাঁচ মাঠে ২১ দিনের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সাক্ষী হবে পার্থ স্টেডিয়াম, পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়াম, স্টেডিয়াম অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম এবং গোল্ড কোস্ট স্টেডিয়াম। ২১ মার্চ স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফাইনাল, যেখানে ২০০০ সালে সিডনি অলিম্পিক গেমসের মূল আয়োজন হয়েছিল।
সিডনি অলিম্পিক স্টেডিয়াম চত্বরে গেলে নস্টালজিয়ায় ভুগবেন ২০০০ সালের অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটরা। বিশাল স্টেডিয়াম চত্বরে দাঁড়িয়ে আছে বড় বড় স্টিলের পিলার। যেগুলোয় গায়ে লেখা রয়েছে ওই গেমসে অংশ নেওয়া সব অ্যাথলেটের নাম। তাতে খুঁজে পাওয়া যায় বাংলাদেশের অ্যাথলেট মাহবুব আলম (প্রয়াত), ফৌজিয়া হুদা জুঁই, শুটার সাবরিনা সুলতানা, সাঁতারু কারার মিজানুর রহমান এবং ডলি আক্তারের নামও।
২১ মার্চের ফাইনালে এই স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে—এমন বাজি ধরার লোক নিশ্চিতভাবেই পাওয়া যাবে না। তবে টুর্নামেন্ট থেকে বড় কিছু অর্জনের হাতছানি ঠিকই আছে। ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় ফিফা নারী বিশ্বকাপের জন্য এশীয় অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্ব যে এই টুর্নামেন্টই। আট কোয়ার্টার-ফাইনালিস্ট সুযোগ পাবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের বাছাইপর্বে খেলার। সেরা চার দল সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা ছয়ের বাকি দুই দল বিশ্বকাপে যাওয়ার প্লে-অফ খেলার সুযোগ পাবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চিত হওয়ারই কথা।
সেই রোমাঞ্চ আছে, তবে ভেতরে–ভেতরে প্রস্তুতি স্বল্পতা ভাবাচ্ছে দলকে। বাফুফে কর্তারা বড় বড় কথা বললেও দেশের বাইরে ক্যাম্প করতে পারেননি। কোনো প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই দল সিডনি এসেছে। তার ওপর শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় ফিজিও আসতে পারেননি দলের সঙ্গে। বিকল্প হিসেবে অস্ট্রেলিয়াপ্রবাসী এক বাংলাদেশি পুরুষ ফিজিওকে নেওয়া হয়েছে।
ওদিকে টুর্নামেন্টের ঠিক আগে কিছুটা বিস্ময়করই শোনাচ্ছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালে কথাবার্তা। সংবাদমাধ্যমে তিনি উস্মা প্রকাশ করে বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথাবার্তা তিনি এগিয়ে নিলেও শেষ পর্যন্ত নাকি সেটা হয়নি বাফুফেতে তাঁর সহকর্মীদের ব্যর্থতায়।
দুধের স্বাদ ঘোলে মেটাতে সিডনি এসে স্থানীয় ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশের মেয়েরা। বাফুফে ফল প্রকাশ না করলেও জানা গেছে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রস্তুতি ম্যাচে কোচ ৫ জন ডিফেন্ডার খেলিয়েছেন, চীনের বিপক্ষেও খেলাতে পারেন ৫ ডিফেন্ডার। রক্ষণভাগকে নিচ্ছিদ্র রেখে পাল্টা আক্রমণে ওঠার কৌশল নিয়ে শিষ্যদের তালিম দিচ্ছেন অনুশীলনে।
কাল সকালে সিডনির কার্লটন উপশহরের রাগবি ও ফুটবলের ভেন্যু জুবিলি স্টেডিয়ামে অনুশীলন শেষে ডিফেন্ডার শিউলি আজিম বলেছেন, ‘আশা করি চীনের বিপক্ষে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারব। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সঙ্গে যে ভুলগুলো হয়েছিল, সেগুলো শুধরে ভালো খেলব।’ তরুণ ফরোয়ার্ড সুরভী আকন্দ বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছি আমরা, যা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।’
নির্বিঘ্নে টুর্নামেন্ট আয়োজন করতে নিরাপত্তাব্যবস্থায় বেশ কড়াকড়িই দেখা যাচ্ছে এখানে। বাংলাদেশ দলের সঙ্গে নিযুক্ত অস্ট্রেলিয়ান নারী নিরাপত্তাকর্মী সাংবাদিকদের সতর্ক করে জানালেন, খেলোয়াড়দের কাছে যাওয়া তো দূরের কথা, হোটেলেও আসা চলবে না। বাংলাদেশ দলের লিয়াজোঁ নিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ফুটবল লিগের সাবেক এক গোলরক্ষক। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন আয়োজকেরা, জানালেন ৬৫ বছর বয়সী এই ভদ্রলোকও।