ফিফার ২ বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর আড়ালে চলে যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন আইনজীবীর মাধ্যমে। অবশেষে ২৬ দিন পর আজ প্রকাশ্যে এলেন সোহাগ। স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে ফুটবল থেকে আপাতত নির্বাসিত সোহাগ জানিয়েছেন, ফিফার দেওয়া শাস্তির বিরুদ্ধে সুইস আইনজীবীর মাধ্যমে ৫ মে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করেছেন তিনি।
সোহাগ নিজেকে নির্দোষ মনে করেন কি না, জানতে চাইলে সংবাদ সম্মেলনে বারবারই সে প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। সোহাগের কৌশলী উত্তর, ‘সময়ই দেবে এর উত্তর। সত্য একদিন বেরিয়ে আসবে। যে সত্য প্রতিষ্ঠার জন্যই আমি আপিল করেছি।’
সোহাগের দাবি, তিনি সততার সঙ্গে কাজ করেছেন বাফুফেতে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ফুটবলের টানে তিনি বাফুফের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি কোনো অন্যায় করেননি।
অবশ্য সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নেরই উত্তর দেননি তিনি। বাফুফেতে কাজ করতে গিয়ে কোথায় সমস্যা হয়েছে, কোথায় কী সমস্যা দেখেছেন, আর্থিক অনিয়মে সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন অর্থ কমিটির দায় কতটা, এসব নিয়ে প্রশ্নে তাঁর একটাই কথা, ‘এখন এসব নিয়ে বলব না। কারণ আমি আপিল করেছি। এখন আমি কিছু বললে ফিফা সেটা ভালোভাবে না–ও নিতে পারে।’
একপর্যায়ে সোহাগ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার আপিলের সিদ্ধান্ত আসবে না, ততক্ষণ আমি যদি নিজেকে নিজেকে নির্দোষ দাবি করি, সেটা অর্থবহ হবে না। কাজেই আমি আগে নিজেকে নির্দোষ প্রমাণ করে নিই। তবে আবারও বলছি, স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। সাধারণ সম্পাদক হিসেবে দায় আমাকেই নিতে হচ্ছে। তবে অবশ্যই দিন শেষে আপনাদের সবার মুখ রক্ষা করতে পারব বলে আশা করি।’
সোহাগের বিরুদ্ধে ফিফার তদন্ত প্রক্রিয়া ছিল ২০১৭-২০২০ সাল পর্যন্ত। সে সময় বাফুফেতে ক্রয়সংক্রান্ত কোনো কমিটি ছিল না। তাহলে বিভিন্ন কেনাকাটা কীভাবে হতো, সে প্রশ্নের উত্তর সরাসরি দেননি সোহাগ। তিনি বলেছেন, ‘বাফুফের গঠনতন্ত্রে আগে প্রকিউরমেন্ট কমিটি ছিল না। ২০২০ সালের অক্টোবরে বাফুফের নির্বাচনের পর প্রকিউরমেন্ট কমিটি করা হয় ফিফার নির্দেশে।’
তাঁর আইনজীবী বলেন, ‘আগে বাফুফে কেনাকাটার জন্য যে কার্যাদেশ দিত, সেটা ফিফার নিয়ম মেনেই করা হয়েছে।’
সোহাগ দাবি করেন, ‘ফিফার ৫১ পাতার রিপোর্টে তহবিল অপব্যবহারের অভিযোগ থেকে আমাকে খালাস দেওয়া হয়েছে। রিপোর্টে তিনটি অংশ আছে। প্রথম দুটি পড়লে আপনারা বিভ্রান্ত হবেন। সেখানে নিয়ম মানা হয়নি, এটা–ওটা বলা আছে। তৃতীয় পর্বে তহবিল অপব্যবহারের ব্যাপারটা খারিজ করে দিয়েছে।’
সোহাগের বিরুদ্ধে ফিফার তদন্ত প্রক্রিয়া সঠিক ছিল না বলে দাবি করেছেন তাঁর আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফিফা কিছু অনিয়মের অভিযোগ এনেছে। প্রথমত, টাকা সরিয়ে নিয়েছেন সাধারণ সম্পাদক। দ্বিতীয়ত, তহবিলের অব্যবহার। তৃতীয়ত, তাদের প্রকিউরমেন্ট প্রক্রিয়া ওনারা (সাধারণ সম্পাদক) অনুসরণ করেননি। কিন্তু তদন্তকারী সংস্থা প্রথম অভিযোগের কোনো প্রমাণ পায়নি। ওনারা এটাকে বাদ দিয়ে দেন। বাকি দুটি তাঁরা বিচারিক সংস্থার কাছে পাঠিয়ে দেন।’
আজমালুল হোসেন কিউসি এক বছরের জন্য বাফুফের এথিকস কমিটির চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের ফুটবলে কাজ করার অভিজ্ঞতা তাঁর আছে। সংবাদ সম্মেলনে ফিফার তদন্ত প্রক্রিয়ার নানা ত্রুটি তুলে ধরে তিনি বলেন, ‘কেনাকাটার ব্যাপারে আমরা অনেক সাক্ষ্যপ্রমাণ দিয়েছি। ওনারা (ফিফা) এটা নিল। কিন্তু বলে দিল এটা আমলে নেবে কি নেবে না, সেটা তাদের রায়ে জানাবে। শেষ মুহূর্তে কাগজপত্র দেওয়ায় তারা সেটা গ্রহণ করেনি। ওনারা যে তদন্ত করেছে, সেটা যে ভুলভাবে হয়েছে, সেই দোষটা তারা মানবে না বলে আমাদের কাগজ আমলে নেয়নি। না নেওয়ায় আমরা আপিলে গিয়েছি।’
আইনজীবীর ভাষ্য, ফিফার ফরোয়ার্ড ফান্ডের অধীনে ৫০ হাজার ডলারের নিচে কেনাকাটা হলে তিনটি ভিন্ন প্রতিষ্ঠান থেকে দরপত্র নেওয়া বাধ্যতামূলক নয়। অথচ ফিফা ১০ টাকার জিনিস কেনা নিয়েও আপত্তি দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের মূল কথা হলো, তদন্ত প্রক্রিয়া ঠিক ছিল না। আপনার কাছে (ফিফা) কাগজ আছে, সেটাতে দেখছেন যে আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি। তারপরও বলা হয়েছে কেনাকাটার প্রক্রিয়া আমরা অনুসরণ করিনি।’
সংবাদ সম্মেলন শেষে সোহাগ প্রথম আলোকে বলেন, ‘ফিফা বলেছে, বাজারমূল্যের চেয়ে বেশি মূল্যে কিছু কেনা হয়নি। দ্বিতীয়ত বলেছে, যে পণ্য কেনা হয়েছে এবং বাফুফে যা টাকা দিয়েছে, সেসব পণ্য ও সেবা (বিমান টিকিট) বাফুফে বুঝে পেয়েছে। তৃতীয়ত বলেছে, ফিফা ফরোয়ার্ড ফান্ডের নিয়ম মেনে সেসব জিনিসপত্র বেচাকেনা হয়েছে। তবে ফিফার ভাষায়, কিছু জাল কাগজপত্র থাকতে পারে। আমি যেহেতু এই প্রক্রিয়ার অংশ, এ কারণে আমাকে অভিযুক্ত করা হয়েছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপিলের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।’