ম্যান সিটির পর ইন্টার–বধ: রূপকথার গল্প লিখছে এক অখ্যাত নরওয়েজীয় ক্লাব
চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাবগুলোর দুঃসময় যেন কাটছেই না। গত পরশু শেষ ষোলোয় ওঠার লক্ষ্যে প্লে–অফের প্রথম লেগে হেরেছিল জুভেন্টাস ও আতালান্তা। জুভেন্টাসকে গালাতাসারাই উড়িয়ে দেয় ৫–২ গোলে আর আতালান্তা ২–০ গোলে হারে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। এবার একই পথ ধরে অঘটনের শিকার হলো গতবারের রানার্সআপ এবং সিরি ‘আ’র শীর্ষ দল ইন্টার মিলান। গতকাল রাতে ইন্টারকে ৩–১ গোলে হারিয়েছে নরওয়ের অখ্যাত ক্লাব বোডো/গ্লিমট।
নরওয়েজীয় এই ক্লাব এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে একের পর এক চমক দেখিয়ে চলেছে। ক্লাবটি এর আগে লিগ পর্বে সর্বশেষ দুই ম্যাচে হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে। সিটিকে ৩–১ গোলে হারানোর পর আতলেতিকোর মাঠে জিতেছিল ২–১ গোলে। সেই ধারাতেই ইন্টারকে হারিয়ে নতুন চমক সৃষ্টি করল তারা।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা দলগুলোর মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এক আসরে টানা তিনটি ম্যাচ জয়ের কীর্তি খুবই বিরল। বোডো/গ্লিমট সেই বিরল কাতারেই জায়গা করে নিয়েছে।
শীর্ষ পাঁচ লিগের দলগুলোর বিপক্ষে টানা তিন ম্যাচ জেতা ইতিহাসের মাত্র চতুর্থ দল তারা। এর আগে এই কীর্তি গড়েছিল পানাথিনাইকোস (২০০১–০২), বেনফিকা (২০০৫–০৬) ও জেনিত সেন্ট পিটার্সবার্গ (২০১৫–১৬)। তাই বোডো/গ্লিমটের এই অর্জন অসাধারণ।
চ্যাম্পিয়নস লিগ প্লে–অফে ইতালিয়ান ক্লাবগুলোর পতন অবশ্য নতুন নয়। গত মৌসুমেও প্লে-অফে এসি মিলান, জুভেন্টাস ও আতালান্তা হেরে যায় ফেইনুর্দ, ক্লাব ব্রুগা ও পিএসভি আইন্দহফেনের কাছে। ইতালিয়ান দলগুলোর মধ্যে কেবল ইন্টার সব বাধা অতিক্রম করে ফাইনালের টিকিট পায়। কিন্তু সেই ইন্টারও এখন বিদায়ের শঙ্কায় কাঁপছে। ইতালিয়ান ক্লাবগুলোর অবস্থা সব মিলিয়ে বেশ শোচনীয়ই বলা যায়।
এই ম্যাচের মধ্য দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে তৃতীয়বারের মতো তিন বা তার বেশি গোল করার কীর্তি গড়ল বোডো/গ্লিমট। ১৯৯৪ সালে তারা ৩-২ গোলে হারায় সাম্পদোরিয়াকে। এরপর ২০২১ সালে ইতালিরই আরেক ক্লাব রোমাকে হারায় ৬ গোলের বড় ব্যবধানে।
রাতের অন্য ম্যাচে কারাবাগকে ৬–১ গোলে উড়িয়ে নকআউট পর্বে এক পা দিয়ে রাখল নিউক্যাসল ইউনাইটেড। ‘ম্যাগপাই’খ্যাত দলটির জয়ে প্রথমার্ধেই একা চার গোল করেছেন অ্যান্থনি গর্ডন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ম্যাচের প্রথমার্ধেই চার গোল করার এটি দ্বিতীয় কীর্তি। গর্ডনের আগে ২০১৪ সালের অক্টোবরে লু্ইজ আদ্রিয়ানো শাখতার দোনেৎস্কের হয়ে বরিসভের বিপক্ষে প্রথমার্ধেই করেছিলেন চার গোল।
একই রাতে উত্থান–পতনের লড়াইয়ের পর আতলেতিকো মাদ্রিদকে ৩–৩ গোলে রুখে দিয়েছে ক্লাব ব্রুগা। শুরুতে আতলেতিকো দাপট দেখালেও শেষ দিকে ঘুরে দাঁড়ায় ব্রুগা। ৮৯ মিনিটের মাথায় ম্যাচ বাঁচানো গোলটি করে বেলজিয়ান ক্লাবটি। এ ছাড়া অন্য ম্যাচে অলিম্পিয়াকোসকে ২–০ গোলে হারিয়েছে লেভারকুসেন।