মেক্সিকোর জয় উদ্‌যাপনে অন্তত দুজনের মৃত্যু

মেক্সিকোর খেলা দেখছেন ভক্তরাএএফপি

৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জিতেছে মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে উঠেছে শেষ ষোলোতে। এমন জয়ের আনন্দে মেতে উঠেছে পুরো মেক্সিকো সিটিই। তবে হরিষে বিষাদ বলেও একটা কথা আছে।

বিশাল এই উদ্‌যাপনের মধ্যেই যেমন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উদ্‌যাপনের হুড়োহুড়ির মধ্যে মেক্সিকো সিটিতে দম আটকে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ইকুয়েডরের বিপক্ষে ঐতিহাসিক জয় উদ্‌যাপন করতে হাজার হাজার ফুটবল–ভক্ত জড়ো হয়েছিলেন মেক্সিকো সিটির বিখ্যাত ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভের কাছে হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে। সেখানেই ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘উন্নত চিকিৎসা ও কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার পরও দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। দম বন্ধ হয়ে ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’

আরও পড়ুন

তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে মৃত্যুর সংখ্যা আরও বেশি। তাদের দাবি, উদ্‌যাপনের হুড়োহুড়ির মধ্যে মারা গেছেন তিনজন। মেক্সিকো সিটির পাবলিক হেলথ সেক্রেটারির বিবৃতির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলের কাছে কোলোনিয়া জুয়ারেজ এলাকায় তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। মৃতদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুজন নারী রয়েছেন।

৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জিতেছে মেক্সিকো
এএফপি

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ জয়ের পর ওড়ানো আতশবাজির শব্দে হঠাৎ করে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মানুষজন হুড়োহুড়ি করে সরু রাস্তা দিয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করেন এবং প্রচণ্ড ভিড়ে একে অপরের ওপর পড়ে যান। এই হুড়োহুড়ির কারণেই ঘটেছে হতাহতের ঘটনা।

আরও পড়ুন