কুরাসাওয়ের বিশ্বকাপ দলে দুই ভাই

অনুশীলনে কুরাসাওয়ের খেলোয়াড়েরাইনস্টাগ্রাম/কুরাসাও ফুটবল টিম

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও আজ টুর্নামেন্টটির জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে। ২৬ সদস্যের এই দলে আছেন দুই ভাই লিয়েন্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা। দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চংও।

২৬ বছর বয়সী চং নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলেছিলেন। গত আগস্টে তিনি কুরাসাওয়ের নাগরিকত্ব নেন। বর্তমানে ক্লাব ফুটবলে খেলেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে।

দুই লাখের কম জনসংখ্যার দেশ কুসারাও এবারই প্রথম বিশ্বকাপে খেলবে। দলটিকে নেতৃত্ব দেবেন অ্যাস্টন ভিলার সাবেক মিডফিল্ডার লিয়েন্দ্রো বাকুনা। তিনি এখন তুরস্কের দ্বিতীয় স্তরের দল ইগদির এফকেতে খেলছেন। ৩৪ বছর বয়সী লিয়েন্দ্রোর সঙ্গে তাঁর ছোট ভাই জুনিও বাকুনাও বিশ্বকাপে আছেন। ২৮ বছর বয়সী জুনিও খেলেন ডাচ ক্লাব ভলেনডাকেমে।

২০২৫ সালের আগস্টের পর থেকে চং ছাড়াও আরও চারজন কুরাসাও দলে খেলার জন্য নাগরিকত্ব নিয়েছেন। শুরান্ডি সাম্বো, রিশেডলি বাজোয়ের, সন্টজে হ্যানসেন ও আরমান্ডো ওবিস্পো নামের এই চারজনও বিশ্বকাপের দলে আছেন।

আরও পড়ুন

এবারের বিশ্বকাপে কুরাসাও খেলবে ৭৮ বছর বয়সী কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে। তিনি হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ। অ্যাডভোকাট এর আগে ১৯৯৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কোচ ছিলেন।

‘ই’ গ্রুপে থাকা কুরাসাও বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন জার্মানির বিপক্ষে। একই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট।

আরও পড়ুন

কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: টাইরিক বোডাক, ট্রেভর ডুরনবুশ, এলয় রুম।
ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ের, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শেরেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্ডো ওবিস্পো, শুরান্ডি সাম্বো।
মিডফিল্ডার: জুনিও বাকুনা, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, কেভিন ফেলিডা, আর’জানি মার্থা, টাইরেস নোসলিন, গডফ্রেড রোমেরাথু।
ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে, তাহিথ চং, কেঞ্জি গোরি, সন্টজে হ্যানসেন, জার্ভেন কাস্তানির, ব্র্যান্ডলি কুয়াস, ইয়ুর্গেন লোকাডিয়া, জের্ল মার্গারিটা।

আরও পড়ুন