সমালোচকদের উদ্দেশে নেইমার, ‘ঘ্যান ঘ্যান না করে নিজেদের চরকায় তেল দিন’
বিশ্বকাপটা ভালো যায়নি। ব্রাজিল বাদ পড়েছে শেষ ষোলো থেকে। নেইমারও বেশির ভাগ সময় ছিলেন বেঞ্চে।
সেই ধাক্কা কাটিয়ে আবার মাঠে ফেরার প্রক্রিয়ায় ছিলেন নেইমার। এর মধ্যেই পোকার টুর্নামেন্টে অংশ নিয়েছেন। আর তাতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। আর সেই সমালোচনার জবাব কড়াভাবেই দিয়েছেন নেইমার। সমালোচকদের বলেছেন, নিজের চরকায় তেল দিন।
যা ঘটেছিল
চলতি সপ্তাহের শুরুতে বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে দেখা যায় নেইমারকে। একই সময়ে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল তাঁর ক্লাব সান্তোস। বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন মাত্র। তাই কোচ অ্যালেক্সি স্টিভাল তাঁকে এই ম্যাচের দলে রাখেননি।
তবে পোকার টেবিলে নেইমারের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। এর জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন নেইমার।
জিম সেশনের প্রস্তুতি নেওয়ার সময় ধারণ করা ভিডিওতে তিনি বলেন, ‘আমি এখানে আমার দ্বিতীয় ট্রেনিং সেশনের জন্য তৈরি হচ্ছিলাম, আর তখনই মনে পড়ল আমার ছুটির দিনে পোকার খেলা নিয়ে কত মানুষ কত কথা বলছে! অথচ ওই দিন সকালেও আমি ওয়াকআউট করেছি। ম্যাচে ছিলাম না; কারণ, আমি মাত্রই অনুশীলনে ফিরেছি। আর পরদিনই আমার ছুটি ছিল।’
সমালোচকদের উদ্দেশে এরপর একরকম বিরক্তিই প্রকাশ করেন সান্তোস ফরোয়ার্ড, ‘যা–ই হোক, আমি এখন এখানে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। তাই আপনাদের কাছে জানতে চাই—আমি কি এখন অনুশীলন করতে পারি, নাকি আপনারা এখনো ঘ্যান ঘ্যান করে যাবেন? গিয়ে নিজেদের চরকায় তেল দিন!’