মেসিকে দলে ভেড়ানোর প্রশ্নে বার্সা সভাপতির কূটনৈতিক উত্তর
এসপানিওলকে হারিয়ে বার্সেলোনার লা লিগার শিরোপা নিশ্চিত করার রাতে ঘুরেফিরে এসেছে লিওনেল মেসিকে দলে ভেড়ানোর প্রসঙ্গ। চার বছর পর আবার লিগ শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে নেচেগেয়ে উদ্যাপন করেছেন বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা।
বার্সেলোনার উদ্যাপন শেষ হওয়ার খানিক পরই স্কাই স্পোর্টস ইতালির সাংবাদিক ফাব্রিজিও রোমানো, যিনি দলবদলের বিশ্বস্ত সাংবাদিক হিসেবে পরিচিত, একটি টুইট করেছেন। সেখানে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে নিয়ে বার্সেলোনার সভাপতি লাপোর্তার একটি মন্তব্য প্রকাশ করেন। স্পেনের কিংস লিগের দল জিজান্তেস এফসিতে কথাটি বলেছেন লাপোর্তা, ‘দীর্ঘদিন ধরেই আমরা পরের মৌসুম নিয়ে কাজ করছি। তাকে (মেসি) ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব।’
কাতালান ক্লাবটির উদ্যাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লাপোর্তা। সেখানে শিরোপা জয় নিয়ে প্রশ্নের একপর্যায়ে উঠে আসে মেসি-প্রসঙ্গ। মেসিকে ফেরানো নিয়ে জিজ্ঞেস করা হলে লাপোর্তা বলেন, ‘এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এখন আগামী মৌসুমে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড তৈরির সম্ভাব্যতা নিয়ে কাজ করছি।’
মেসি বার্সেলোনা ছেড়েছিলেন দুই বছর আগে। এ বছরের জুনে পিএসজিতে তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সম্প্রতি অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ায় তাঁকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি, যদিও পরে তা কমিয়ে দেওয়া হয়। এ সময়ে মাঠে এবং মাঠের বাইরে মেসিকে দুয়ো দেন পিএসজি সমর্থকদের একটি অংশ।
মেসির অস্বস্তিকর এই সময়ে লাপোর্তা তাঁর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন, ‘মেসির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।’
অনেকেই মনে করেন, দলের শক্তি বাড়াতে হলে বার্সেলোনার এখন মেসিকে খুব প্রয়োজন। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে পেতে বেশ কিছু হিসাব মেলাতে হবে বার্সাকে। উয়েফার আর্থিক সংগতি নীতি মেনেই তাঁকে নিতে হবে। একই সঙ্গে লা লিগার বেতনকাঠামোও মানতে হবে।
লাপোর্তা কথা বলেছেন এ নিয়েও, ‘আর্থিক সংগতি নীতি মেনে ভালো দল গঠন করতে আমরা ক্লাবের খরচ কমাব। আগামী মৌসুমে দলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে আমরা পরিকল্পনা সাজাচ্ছি।’
লাপোর্তা এ কথা বললেও মেসিকে ক্যাম্প ন্যুতে ভেড়ানোর চাপ বাড়ছে তাঁর ওপর। সেই চাপটা তৈরি করছেন বার্সার সমর্থকেরা। গতকাল বার্সেলোনা এসপানিওলকে হারিয়ে শিরোপা জয়ের পর খেলোয়াড়েরা যখন উদ্যাপন করছিলেন, দলের সমর্থকেরা গ্যালারিতে ‘মেসি, মেসি’ বলে স্লোগান দিচ্ছিলেন।