পিএসজিতে কি মেসিকে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর পিএসজির হয়ে ৩ ম্যাচে ১ গোল মেসিরছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএসজি কি লিওনেল মেসিকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না?

ফ্রেঞ্চ লিগে রোববার পিএসজি রেঁসের সঙ্গে ১–১ গোলে ড্র করার পর এই প্রশ্ন উঠছে। নির্দিষ্ট করে বললে, প্রশ্নটা তুলেছেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড জেরোমি রোহেন। তিনি মনে করেন, ক্রিস্তফ গালতিয়ের আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে তাঁর অধীনে যেভাবে ব্যবহার করছেন, তাতে চিন্তিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে।

সেদিন রেঁসের বিপক্ষে মেসি নিজেকে মেলে ধরতে পারেননি। গত ডিসেম্বরে আর্জেন্টিনাকে দারুণ খেলে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোর পর পিএসজিতে ফিরে যতগুলো ম্যাচ খেলেছেন, রোববারের রেঁসের বিপক্ষে ম্যাচটি ভুলে যেতে চাইবেন। অথচ এই ম্যাচেই বিশ্বকাপের পর একসঙ্গে পিএসজির প্রথম একাদশে মাঠে নেমেছিলেন মেসি–নেইমার ও এমবাপ্পে।

আরও পড়ুন

রেঁসের বিপক্ষে মেসি একটি শটও পোস্ট লক্ষ্য করে নিতে পারেননি। মাঠে অন্যের সঙ্গে বল দখলের লড়াইয়ে ৭০ শতাংশ সময় বলের দখল হারিয়েছেন। এরপরও গালতিয়ের মেসিকে রেঁসের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলান।

আরও পড়ুন

এই জায়গাতেই আপত্তি রোহেনের। তিনি মনে করেন, সে ম্যাচে মেসিকে উঠিয়ে নেওয়া উচিত ছিল, ‘রেঁসের বিপক্ষে ম্যাচে গালতিয়েরের প্রথম একাদশের বেশ কিছু খেলোয়াড় নিষ্প্রভ ছিল। দ্বিতীয়ার্ধে গালতিয়ের তাদের তুলে নিলেও মেসিকে তোলেননি। এর মানে কী! মেসি কি গালতিয়েরকে এ ব্যাপারে নিষেধ করেছিল?

সেটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মেসি যে সে ম্যাচে ভালো খেলেনি, সেটি সে নিজেও জানে। তাহলে গালতিয়ের মেসিকে তুলে নিলেন না কেন! এর কারণ, গালতিয়ের মেসিকে তুলতে চাননি। আমার মতে, সেটি ছিল বড় একটা ভুল। তিনি মেসিকে ঠিকমতো ব্যবহার করতে পারছেন না। এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে।’

আরও পড়ুন

বিশ্বকাপ জিতে প্যারিসে ফেরার পর মেসি যে পিএসজির জার্সিতে খুব ভালো খেলছেন, ব্যাপারটি এমন নয়। তিনটি লিগ ম্যাচে তিনি একটি গোল করেছেন, তিনটি গোলে সহায়তা করেছেন।

চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ খেলেছেন মেসি। গোল ১৩টি।