কাইসেদোর দাম এখন ৯০ মিলিয়ন পাউন্ড
মোইজেস কাইসেদো ব্রাইটন ছাড়তে চান। তিনি তাঁর এ ইচ্ছার কথা প্রকাশ্যেই জানিয়েছেন। এ নিয়ে মুখোমুখি অবস্থানে ছিল ব্রাইটন ও মোইজেস কাইসেদো। ব্রাইটন কোচ রবার্তো দি জার্ভি ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে ছাড়তে চাইছিলেন না। চলতি মৌসুমের শেষ পর্যন্ত কাইসেদোকে ধরে রাখতে চেয়েছিলেন এই কোচ। তবে কাইসেদো দল ছাড়ার ব্যাপারে মরিয়া থাকায় ক্লাব সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কাইসেদোকে এখন বিক্রি করতে চায় ব্রাইটন। তবে সে জন্য আগ্রহী ক্লাবকে খরচ করতে হবে ৯০ মিলিয়ন পাউন্ড।
ইকুয়েডরের এই মিডফিল্ডারকে পেতে এরই মধ্যে ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে আর্সেনাল। আরেক ইংলিশ জায়ান্ট চেলসিও এই ফুটবলারকে দলে পেতে চায়। তারা কাইসেদোকে পেতে ব্রাইটনকে সাড়ে ৫৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে। শীর্ষ দুই ক্লাব থেকে এমন প্রস্তাব পাওয়ার পরই দল ছাড়তে চেয়ে টুইট করেন কাইসেদো, ‘ক্লাবকে রেকর্ড ট্রান্সফার ফি এনে দিতে পেরে আমি গর্বিত।
ব্রাইটন এই ফি দিয়ে নতুন করে বিনিয়োগ করতে পারবে। ট্রান্সফার ফি ক্লাবকে সফল হতে সাহায্য করবে। ক্লাবের সমর্থকেরা আমাকে আপন করে নিয়েছে, আমিও ঠিক তেমনই তাদেরকে আপন করে নিয়েছিলাম। আশা করছি তারা বুঝবে কেন আমি এত বড় সুযোগটা নিতে চাচ্ছি।’
ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছা প্রকাশ্যে বলায় কাইসেদোর ওপর কিছুটা অসন্তুষ্ট ক্লাব। লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনও করেননি এই মিডফিল্ডার। কাইসেদোর সঙ্গে ক্লাব ছাড়া নিয়ে কথাও বলেছেন ব্রাইটন কোচ রবার্তো দি জার্ভি।
এই কোচ মনে করেন, মৌসুমের মাঝামাঝি দল না ছাড়াই কাইসেদোর জন্য ভালো হবে। কোচের কথায় অবশ্য ইকুয়েডরের এই মিডফিল্ডারের মন গলেনি বলেই মনে হচ্ছে।
সে কারণেই কাইসেদোর রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে ব্রাইটন। তবে ৯০ মিলিয়ন পাউন্ড খরচায় এই ফুটবলারকে আর্সেনাল কিংবা চেলসি দলে ভেড়াতে চাইবে কি না সেটাই এখন প্রশ্ন।