আলভারেজকে ছাড়তে রাজি নয় আতলেতিকো, অপেক্ষায় বার্সেলোনা

আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজএক্স

রবার্ট লেভানডফস্কির বিকল্প হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে চাইছে বার্সেলোনা। তবে আতলেতিকো মাদ্রিদের এই তারকাকে পেতে অঢেল টাকা ঢালতে আবার রাজি নয় কাতালান ক্লাবটি।

ক্লাব কর্তৃপক্ষ নাকি সিদ্ধান্ত নিয়েছে, ১০ কোটি ইউরোর যে প্রাথমিক প্রস্তাব তারা দিয়েছে, সেখান থেকে এক ইউরোও বেশি বাড়াবে না বার্সা। অন্যদিকে নিজেদের সেরা অস্ত্রকে এই দামে ছাড়তে রাজি নয় আতলেতিকোও।

কাতালান দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, ২৭ বছর বয়সী আলভারেজকে নিয়ে তৈরি হওয়া এই জটিলতায় ক্যাম্প ন্যুতে অস্থিরতার লেশমাত্র নেই। ক্লাবের শীর্ষ কর্তারা মনে করছেন, আক্রমণভাগে ইতিমধ্যেই তাদের পর্যাপ্ত বিকল্প রয়েছে।

আরও পড়ুন

ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন ও জার্মানির করিম আদিয়েমির আগমনে বার্সার আক্রমণভাগ এখন বেশ শক্তিশালী। তা ছাড়া ফেরান তোরেস, দানি ওলমো ও রাফিনিয়া—এই তিনজনের প্রত্যেকেই সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন।

হুলিয়ান আলভারেজকে পেতে চায় বার্সেলোনা
এএফপি

মুন্দো দেপোর্তিভোর দাবি, আলভারেজের প্রতি বার্সা কোচ হান্সি ফ্লিকের আগ্রহ বেশ চড়া। তবে ক্লাবের নীতিনির্ধারকেরা এই জটিল পরিস্থিতিতে হুটহাট সিদ্ধান্ত নিতে নারাজ।

পরিস্থিতি কোন দিকে গড়ায়, আপাতত সেটাই দেখতে চান তাঁরা। বিশেষ করে আতলেতিকো মাদ্রিদ যখন তাদের কাঙ্ক্ষিত অঙ্কের নিচে আলভারেজকে কোনোভাবেই ছাড়তে রাজি নয়, তখন অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে বার্সা।

আরও পড়ুন

বার্সেলোনা ক্লাব ঘনিষ্ঠ সাংবাদিক আশরাফ বেন আইয়াদ তাঁর ফেসবুক পেজে বিষয়টি নিয়ে লিখেছেন, বার্সেলোনা এখন পুরোপুরি বুঝতে পেরেছে যে আলভারেজকে নিয়ে আতলেতিকো তাদের অবস্থানে অনড়। তারা এতটুকু ছাড় দেবে না। এখন সব নজর আলভারেজের ওপর। তিনি এই জট ছাড়াতে নিজে কোনো পদক্ষেপ নেন কি না, সেটাই দেখতে চায় বার্সা।

আশরাফ বেন আইয়াদের মতে, বল এখন পুরোপুরি আলভারেজের কোর্টে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড যদি নিজে উদ্যোগী হয়ে বার্সায় যাওয়ার জন্য আতলেতিকোর ওপর চাপ সৃষ্টি করেন, তবেই কেবল এই দলবদল হতে পারে।