৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে কোর্তোয়া, খেলা হচ্ছে না বায়ার্নের বিপক্ষে
ম্যানচেস্টার সিটিকে দুই লেগেই হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে এক দিন আগে। তবে রিয়াল মাদ্রিদের সেই আনন্দ কিছুটা হলেও ম্লান হয়ে গেছে এক দুঃসংবাদে। চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন ক্লাবটির গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে চোট পাওয়ায় মাঝপথে তাঁকে বদলি করা হয়েছিল।
আজ রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিক্যাল স্টাফের সদস্যরা কোর্তোয়ার পরীক্ষা করেছিল আজ। ডান ঊরুর সামনের বড় পেশির একটি অংশে চোট লেগেছে তাঁর। অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’
ক্লাবের পক্ষ থেকে সেরে উঠার নির্দিষ্ট সময় না উল্লেখ করলেও আগামী মাসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাঁকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। দুই লেগের কোনোটিতেই খেলতে পারবেন না তিনি। এমনকি সেমিফাইনালে উঠলেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় আছে।
আপাতত তাঁর জায়গায় আন্দ্রে লুনিন রিয়াল মাদ্রিদের গোলবার সামলাবেন। তবে কোর্তোয়াকে না পাওয়া ক্লাবটির জন্য বড় ধাক্কাই বলা যায়।
শুধু ক্লাব নয়, একই সময়ে আন্তর্জাতিক ফুটবলেও কোর্তোয়াকে পাওয়া যাবে না। এ মাসেই প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। এই দুটি ম্যাচেও খেলতে পারবেন না কোর্তোয়া।