আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেই দিবালা
বিশ্বকাপের প্রাথমিক দলে সাধারণত চমক খুব একটা থাকে না। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে দলটা ঘোষণা করেছেন, তাতে ছোটখাটো চমক আছে বৈকি! ২০২২ বিশ্বকাপজয়ী পাওলো দিবালার জায়গা হয়নি প্রাথমিক তালিকায় থাকা ৫৫ জনের মধ্যেও! আবার কিছুটা অপ্রত্যাশিতভাবেই আছেন বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ২০২৪ সালের পর থেকে জাতীয় দলে ব্রাত্য থাকা দিবালা বাদ পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ কি আর্জেন্টিনার জার্সিতে আর খেলা হবে তাঁর?
তালিকার সবচেয়ে আলোচিত নাম ২০ বছর বয়সী উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি—যাঁকে নিয়ে গত কয়েক মাস অনেক বিতর্ক হয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও প্রেস্তিয়ান্নি তা অস্বীকার করেছিলেন, কিন্তু উয়েফা তাঁকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। গত সপ্তাহে ফিফা সেই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করায় বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেলে প্রথম দুই ম্যাচে (আলজেরিয়া ও অস্ট্রিয়া) তিনি খেলতে পারবেন না।
গত অক্টোবরে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠায় প্রেস্তিয়ান্নির বড় ভূমিকা ছিল। সেটিই হয়তো ভূমিকা রেখেছে স্কালোনির মন জয়ে। আর দলের প্রাণভোমরা লিওনেল মেসি? ইন্টার মায়ামি অধিনায়ক এখনো চূড়ান্তভাবে কিছু না জানালেও ৫৫ জনের এ তালিকায় তাঁর নাম থাকা মানেই আর্জেন্টাইন ভক্তদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠা।
স্কালোনির দলে ডাক পেয়েছেন হামবুর্গের ২৭ বছর বয়সী মিডফিল্ডার নিকোলাস কাপুলদো। হেতাফের ডিফেন্ডার জায়েদ রোমেরো ও পারমার স্ট্রাইকার মাতেও পেলেগ্রিনোকেও প্রথমবারের মতো ডেকেছেন স্কালোনি।
ক্লাব ফুটবলে চেলসির হয়ে খুব একটা ভালো সময় না কাটালেও ডাক পেয়েছেন আলেহান্দ্রো গারনাচো। কিন্তু ২১ বছর বয়সী এই তরুণের গতির ওপর স্কালোনির অগাধ বিশ্বাস। সাইডলাইন দিয়ে ঝড়ের বেগে আক্রমণে ওঠার জন্য গারনাচোই হতে পারেন দলের ‘এক্স ফ্যাক্টর’। চোটের কারণে কেবল বাদ পড়েছেন স্ত্রাসবুরের ফরোয়ার্ড হোয়াকিন পানিচেল্লি।