বিশ্বকাপে মেসির অপেক্ষায় ‘জর্ডানের মেসি’

মৌসা আল–তামারিরয়টার্স

এবারই প্রথম বিশ্বকাপে খেলবে জর্ডান। ইতিহাসে নাম লেখানোর এই সময়ে তাদের স্বপ্ন ডানা মেলছে একটা নামের ওপর ভর করে। মৌসা আল–তামারি। ফরাসি ক্লাব রেঁনের ২৮ বছর বয়সী এ রাইট উইঙ্গারের আরেকটা নামও আছে—‘জর্ডানের মেসি’।

একটু ভালো খেললেই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির নামটা অনেকের সঙ্গে জুড়ে দেওয়া হয়। আল–তামারির ক্ষেত্রেও তাই ঘটেছে। ইউরোপে প্রতিভার দ্যূতি ছড়ানোয় পেয়েছেন এই তকমা। যদিও আল–তামারি নিজে এই তুলনাটা এড়িয়ে চলেন।
তাঁর সেই অস্বস্তিটা আরও বাড়তে পারে এবারের বিশ্বকাপে। কারণ, আর্জেন্টিনার হয়ে মেসি যদি খেলেন, তাহলে বিশ্বকাপে তাঁদের বিপক্ষে জর্ডানের ম্যাচটা হবে আসলে ‘আসল’ মেসি বনাম ‘জর্ডানের মেসি’র লড়াই।

১৯৯৭ সালে জন্ম নেওয়া আল–তামারির ফুটবল ক্যারিয়ারের শুরু জর্ডানের ক্লাব শাদাব আল–ওরদোনের বয়সভিত্তিক প্রকল্পে। ক্লাবটির মূল দলে খেলে ২০১৮ সালে আল–তামারি পা রাখেন ইউরোপে, যোগ দেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়ায়। সেখানে দুর্দান্ত খেলায় পেয়ে যান ‘জর্ডানের মেসি’ তকমা। এরপর বেলজিয়ামের ঘরোয়া ফুটবল ঘুরে আল–তামারি পা রাখেন ফরাসি ফুটবলে। মঁপেলিয়েরে দুই মৌসুম খেলে গত বছর যোগ দেন রেঁনেতে।

উইং থেকে আক্রমণে উঠতে বেশ দক্ষ আল–তামারি
এএফপি

উইঙ্গারদের মতোই প্রতিপক্ষের রক্ষণে ক্ষিপ্রগতিতে ঢুকে পড়তে পারেন আল–তামারি। মেসির মতোই জাদুটা দেখান বাঁ পায়ে। তবে জাতীয় দলে আল–তামারি আরও বেশি স্বাধীন। বিচরণ করতে পারেন পুরো মাঠে। ইউরোপে বড় লিগে জর্ডানের প্রথম ফুটবলার হিসেবে তারকা ইমেজ পেয়েছেন আল–তামারি। সে হিসেবে তিনি জর্ডান ফুটবলকে ইউরোপের বড় মঞ্চে টেনে আনারও অগ্রপথিক।

তবে আল–তামারির আসল প্রভাব জর্ডান জাতীয় দলে। স্ট্রাইকার আলি অলওয়ানের সঙ্গে বাছাইপর্ব থেকে জর্ডানকে ২০২৬ বিশ্বকাপে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন। জর্ডানকে ২০২৪ এশিয়ান কাপের ফাইনালে তোলায়ও অবদান ছিল আল–তামারির। জর্ডানের হয়ে ৯০ ম্যাচে ২৪ গোল এবং বিশ্বকাপ বাছাইয়ে ধারাবাহিক পারফরম্যান্স করায় ‘নাশামা’দের আক্রমণভাগে মূল ভরসাও এখন আল–তামারি।

আরও পড়ুন

যেমনটা আর্জেন্টিনা দলে এখনো লিওনেল মেসি। এবার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও জর্ডান। আগামী ১১ জুন শুরু হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ও জর্ডানের সঙ্গে আছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আরলিংটনে ২৭ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যে এটাই হবে প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই মেসি ও ‘জর্ডানের মেসি’রও এটাই হবে প্রথম মুখোমুখি লড়াই।

বিশ্বকাপে এবারই প্রথম খেলবে জর্ডান
এএফসি

জর্ডানের বেশির ভাগ খেলোয়াড় খেলেন আফ্রিকান ও মধ্যপ্রাচ্যের লিগে। জর্ডানের এই জাতীয় দলটি এরই মধ্যে বেশ সাফল্য পেয়েছে। ২০২৬ বিশ্বকাপ নিশ্চিতের পাশাপাশি ২০২৩ এশিয়ান কাপ ও ২০২৫ আরব কাপে রানার্সআপ হয় তারা। মূলত আক্রমণভাগই জর্ডানের শক্তি, যার নেতৃত্বে রয়েছেন আল–তামারি।

অর্থাৎ, মেসি ২০২৬ বিশ্বকাপে খেললে আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বে তিনিই হবেন মধ্যমণি। তেমন হলে জর্ডানের বিপক্ষে ম্যাচে দুই দলের আক্রমণভাগে আসল মেসি ও জর্ডানের মেসিকে দেখা যাবে।

আরও পড়ুন