সমর্থকদের দুয়ো দেওয়াটা ঠিকই আছে

বেনফিকার ফরোয়ার্ড ডেভিড নেরেজকে ঠেকাতে পারলেন না জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি আর গোলরক্ষক মাতিয়া পেরিন।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭ সালের পর ইতালিতে কোনো ম্যাচ জিততে পারেনি বেনফিকা। এবার ভাগ্য বদলেছে। ২৫ বছর পর ইতালিতে গিয়ে জয় পেয়েছে পর্তুগিজ ক্লাবটি, কাল জুভেন্টাসকে হারিয়েছে ২-১ গোলে। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি জুভেন্টাসের টানা দ্বিতীয় হার।

ক্লাবটির ইতিহাসে ইউরোপিয়ান প্রতিযোগিতায় শুরুর দুই ম্যাচে হারার ঘটনা জুভেন্টাসের এটিই প্রথম। দুবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটির শঙ্কা জেগেছে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে জুভেন্টাসের সমর্থকেরা বেশ ক্ষুব্ধ। কাল রাতে বেনফিকার বিপক্ষে ম্যাচ চলাকালে খেলোয়াড়দের দুয়ো দিয়েছেন তাঁরা। ম্যাচের ৪ মিনিটেই আরকাদিউজ মিলিকের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু ৪৩ মিনিটে জোয়াও মারিওর গোলে সমতায় ফেরে বেনফিকা। এরপর নেরেস কাম্পোসের ৫৫ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই সব ক্ষোভ যেন উগরে দেন জুভেন্টাসের সমর্থকেরা। লিওনার্দো বোনুচ্চি-দানিলো-কুয়াদ্রাদোরা টানেল দিয়ে ভেতরে চলে যাওয়ার আগপর্যন্ত তাঁরা দুয়ো দেন জুভেন্টাসের খেলোয়াড়, স্টাফদের।
দল ভালো খেলেনি, টানা দুই ম্যাচ হেরে শঙ্কায় পড়ে গেছে। এ পরিস্থিতিতে সমর্থকদের এমন আচরণ স্বাভাবিক বলেই মনে করেন জুভেন্টাসের অধিনায়ক বোনুচ্চি।

আরও পড়ুন

ম্যাচ শেষে প্রাইম ভিডিওর সঙ্গে সাক্ষাৎকারে বোনুচ্চি বলেন, ‘সমর্থকদের দুয়ো দেওয়াটা ঠিকই আছে। এ নিয়ে বলার কিছু নেই। আমরা এমন একটা ম্যাচ হেরেছি, যেটা হারার কথা নয়। দুয়ো শোনাটা আমাদের প্রাপ্য। এ ক্ষেত্রে অধিনায়ক হিসেবে আমাকে দায় নিতে হবে। আমরা এখন এমন এক অবস্থায় আছি, যেখান থেকে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না।’

সিরি ‘আ’ আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে জুভেন্টাস। এর মধ্যে জয় মাত্র দুটিতে। পরিস্থিতি যে অস্বাভাবিক, সামনে যে আরও কঠিন সময় আসছে, সেটি অকপটে স্বীকার করে নিয়েছেন জুভেন্টাস অধিনায়ক, ‘আমি উদ্বিগ্ন, এটা অস্বীকার করার উপায় নেই। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমি জানি না এটা কেন হচ্ছে, আর এটাই সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দিচ্ছে।’

এখান থেকে ঘুরে না দাঁড়ালে সামনে বিপদ আরও বাড়বে, দল–সংশ্লিষ্ট সবাইকে সতর্কও করে দিচ্ছেন ৩৫ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার, ‘আমরা ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না। আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। এই পরিস্থিতি বদলাতে হবে।’