আজ রাতে এমবাপ্পে ঠিক করবেন নিজের ভাগ্য

পিএসজি-রিয়াল মাদ্রিদ ম্যাচে আজ সবচেয়ে বেশি চোখ থাকবে এমবাপ্পের ওপরএমবাপ্পের ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের সবচেয়ে সফল ও অভিজাত ক্লাবের সভাপতির সঙ্গে বিশ্বের অন্যতম ধনী ক্লাবের সভাপতির বৈঠক। সেটা কোথায় হতে পারে? অবশ্যই বিশ্বের সেরা কোনো রেস্তোরাঁয়। আজ রাতে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির যে রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করার কথা, প্যারিসের সেই ‘গ্যায় সেভোয়’ ২০২০ সালে সত্যি সত্যি বিশ্বের সেরা রেস্তোরাঁর পুরস্কার পেয়েছিল।
স্পেন ও ফ্রান্সের একাধিক পত্রিকা খবর দিয়েছিল ডিনারটা হবে ভালোবাসা দিবসের রাতে (গতকাল)। পরে জানা গেছে, পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি সময় বের করতে না পারায় সেটা বদলে আজ নিয়ে আসা হয়েছে।  

চ্যাম্পিয়নস লিগে বড় দুটি ক্লাব মুখোমুখি হওয়ার আগে ক্লাবের সভাপতিদের এ রকম প্রীতিভোজের একটা অলিখিত রেওয়াজ আছে। তবে পেরেজ ও খেলাইফির ডিনারটা শুধু যে সেই রেওয়াজ মানতেই হচ্ছে, এমন নয়। এর অন্য একটা কারণও আছে। গুঞ্জন আছে, এই বৈঠকে একজন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন দুজন। সেই ফুটবলার কে, সেটা এরই মধ্যে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন—কিলিয়ান এমবাপ্পে।

এক দিক থেকে দেখলে, আলোচনার খুব বেশি কিছু নেইও আসলে। আসছে জুনেই এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এরপর তিনি মুক্ত খেলোয়াড়, যেখানে খুশি যেতে পারবেন। আর এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদে যেতে চান, সেটা তো অনেক আগে থেকেই তিনি অনেকবার প্রকাশ্যে বলে আসছেন।
গত বছর জুনে গ্রীষ্মকালীন দলবদলের সময় রিয়াল অনেক চেষ্টা করেছে এমবাপ্পেকে কেনার। ১৮ কোটি ইউরো পর্যন্ত দামও বলেছে, এমবাপ্পেও চলে যেতে রাজি ছিলেন। কিন্তু টাকাপয়সা আসলে পিএসজির কাছে কোনোকালেই সমস্যা ছিল না। এক বছর পরই তাঁকে বিনা মূল্যে ছেড়ে দিতে হবে জেনেও পিএসজি তখন রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। একটা আশাতেই—এই এক বছরের মধ্যে তারা এমবাপ্পের মত পরিবর্তন করতে পারবে।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে এমবাপ্পে
এএফপি

সেটা কীভাবে সম্ভব হতে পারে? সহজ উত্তর—চ্যাম্পিয়নস লিগ জিতে। পিএসজির হয়ে ক্লাব ফুটবলের প্রায় সব শিরোপাই জিতেছেন এমবাপ্পে, জেতা হয়নি শুধু ইউরোপের সবচেয়ে অভিজাত এই ট্রফিটাই। রিয়ালে খেলার যে শৈশব-লালিত স্বপ্ন এমবাপ্পের, সেটার একটা বড় কারণও এই চ্যাম্পিয়নস লিগ জয়। পিএসজি ভাবছে, এমবাপ্পে যদি ওদের ক্লাবে থেকেই চ্যাম্পিয়নস লিগ জিতে যান, তাহলে হয়তো তাঁর মত বদলাতেও পারে। কারণ, বেতন-ভাতাসহ অন্যান্য যে চাহিদা, সেটা পূরণ করা তাদের জন্য কোনো সমস্যাই নয়।

কী কাকতাল, পিএসজির সেই পরিকল্পনা ধরে এগোনোর পথে সবচেয়ে বড় বাধার নামও রিয়াল মাদ্রিদই। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এবার স্প্যানিশ পরাশক্তিদের বিপক্ষেই খেলতে হচ্ছে তাদের। প্রথম লেগটা আজ রাতে প্যারিসে, ফিরতি লেগ মাদ্রিদে ৯ মার্চ। রিয়াল-বাধা পেরোতে না পারলে যে এবার চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন বিসর্জন দিতে হবে এখানেই।

মেসির ফর্মহীনতা, নেইমারের চোট সবকিছুর মধ্যেও এমবাপ্পে বলতে গেলে একাই টানছেন পিএসজিকে। প্যারিসে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষেও টানতে হবে আরও একবার।

মজার ব্যাপার হচ্ছে, রিয়ালকে হারানোর সবচেয়ে বড় দায়িত্বটাও সেই এমবাপ্পেকেই নিতে হচ্ছে। চোট থেকে নেইমার ফিরেছেন ঠিকই, কিন্তু একাদশে খেলার মতো কতটা ফিট, সেই প্রশ্ন আছে। লিওনেল মেসি এখনো ঠিক মেসি হয়ে দেখা দিতে পারেনি পিএসজির জার্সিতে। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে পিএসজির হয়ে ৩১ ম্যাচে ২১ গোল করেছেন এমবাপ্পে, যা মেসি-নেইমার-ইকার্দি-দি মারিয়ার মিলিত গোলের চেয়েও বেশি। মেসির ফর্মহীনতা, নেইমারের চোট সবকিছুর মধ্যেও এমবাপ্পে বলতে গেলে একাই টানছেন পিএসজিকে। প্যারিসে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষেও টানতে হবে আরও একবার।
সের্হিও রামোসের সঙ্গে রিয়াল মাদ্রিদে তাঁর একসময়ের সতীর্থদের পুনর্মিলন, আরও একবার মেসিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে খেলতে দেখা— সব ছাপিয়ে আজ প্যারিসে তাই চোখ থাকবে এমবাপ্পের ওপর।
আজ যে তাঁর অগ্নিপরীক্ষা!

আরও পড়ুন
আরও পড়ুন