‘কোচ হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কী?’
প্রশ্নটা কোনো ফুটবল কোচকে করলে কী উত্তর আসতে পারে? শিরোপা জেতা, যতটা সম্ভব সুন্দর ফুটবল খেলানো, ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখা...এসবই তো! কিন্তু তাঁর উত্তর এল, ‘ক্লাব সভাপতিকে খুশি রাখা।’
তাঁকে নিয়ে লেখা ‘কোয়ায়েট লিডারশিপ’ বইয়ের লেখক অধ্যাপক ক্রিস ব্র্যাডি যখন গল্পটা বলছিলেন, শুনে যে কারও মনে হবে, শুধু কার্লো আনচেলত্তি বলেই হয়তো এমন উত্তর দেওয়া সম্ভব!
তা ক্লাব সভাপতিকে খুশি রাখার কাজে তাঁর জুড়ি নেই-ও বটে! এসি মিলানে সিলভিও বের্লুসকোনি, চেলসিতে রোমান আব্রামোভিচ, পিএসজিতে নাসের আল-খেলাইফির পর এখন রিয়াল মাদ্রিদে ফ্লোরেন্তিনো পেরেজ...আনচেলত্তিকে নিয়ে খুশি নন, এমন কোনো সভাপতি সম্ভবত নেই। হ্যাঁ, পারফরম্যান্স ভালো না হলে চাকরি চলে গেছে, কিন্তু পেরেজের উদাহরণই বলে, প্রয়োজনে আনচেলত্তির নামই মনে আসে তাঁদের।
পেছনে ফিরে পেরেজ আর আনচেলত্তি দুজনেরই হয়তো এখন মনে হচ্ছে, ভাগ্যিস সিদ্ধান্তটা নিয়েছিলেন! ভাঙা সম্পর্ক জোড়া তো লেগেছেই, ইউরোপিয়ান ফুটবলেই তাক লাগিয়ে চলেছে সেটি। গত মৌসুমে মূল তিন শিরোপার কোনোটিই জিততে না–পারা রিয়াল মাদ্রিদ লিগ তো জিতেছেই, চ্যাম্পিয়নস লিগেরও শিরোপার এক ধাপ দূরে। আর রেকর্ডের এক হাত দূরে দাঁড়িয়ে আনচেলত্তি। প্যারিসে আজ বাংলাদেশ সময় রাত ১টায় লিভারপুলের বিপক্ষে জিতলেই যে ফুটবল ইতিহাসে অনন্য উচ্চতায় উঠে যাবেন ৬২ বছর বয়সী ইতালিয়ান কোচ।
এসি মিলানে এর আগে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন। চ্যাম্পিয়নস লিগে গত কয়েক বছরে রিয়াল মাদ্রিদের স্বপ্নযাত্রার শুরুও তাঁর অধীনে ‘লা দেসিমা’ জয় দিয়ে। প্যারিসে আজ রিয়ালকে ১৪তম চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারলেই আনচেলত্তির নাম উঠে যাবে ইতিহাসে। চারটি চ্যাম্পিয়নস লিগজয়ী আর কোনো কোচ যে নেই!
লিভারপুলের কিংবদন্তি কোচ বব পেইসলি তিনবার ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জিতেছিলেন, জিনেদিন জিদানের রিয়ালকে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জেতানো তো এই বছর চারেক পুরোনো কীর্তি...। তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ডে এ দুজনের সঙ্গেই ভাগাভাগি আনচেলত্তির। আজ তালিকায় জিদান-পেইসলিকে পেছনে ফেলে সবার ওপরে চলে যাওয়ার সুযোগ রিয়াল মাদ্রিদের কোচের সামনে। তর্ক সাপেক্ষে সময়ের সেরা দুই কোচ পেপ গার্দিওলা (২) আর ইয়ুর্গেন ক্লপের (১) মিলিয়ে যত চ্যাম্পিয়নস লিগ, ততগুলো শিরোপা তাঁর। স্যার অ্যালেক্স ফার্গুসন, জোসে মরিনিও, ভিসেন্তে দেল বস্ক, ওটমার হিটজফেল্ড, ইয়োহান ক্রুইফসহ ১৭ জন বিখ্যাত কোচ আছেন তাঁর পেছনে।
কিন্তু আনচেলত্তিকে এ নিয়ে জিজ্ঞেস করতে যান, হয়তো স্বভাবসুলভ কাঁধ ঝাঁকানিতে উড়িয়ে দেবেন। ওসব রেকর্ড-টেকর্ড নিয়ে তাঁর ভাবার সময় কোথায়! ইএসপিএনে ক্রিস ব্র্যাডির কথা, ‘আনচেলত্তির কাছে আলোচনাটা তাঁর নিজের ব্যাপারে নয়, কখনোই ছিল না।’
কখনো যে ছিল না, সে তো আজকের ম্যাচের আগের অবস্থা দেখলেই বোঝা যায়। ম্যাচের আগে করিম বেনজেমা, লুকা মদরিচ, ভিনিসিয়ুস জুনিয়রদের নিয়ে যত আলোচনা হচ্ছে, আনচেলত্তি সে তুলনায় শিরোনামে তো আসছেনই না। আচ্ছা, তাঁরা খেলোয়াড়, মাঠে খেলেন, তাঁদের হিসাব আলাদা...এমন যুক্তি আসছে? তাহলে শিরোনামে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের নাম আর আনচেলত্তির নাম কতবার এসেছে, তুলনাটা করে দেখুন তো!
ইতালিয়ান কোচের ক্যারিয়ারের নতুন-পুরোনো সব গল্পও একই কথাই বলে। এই তো, কদিন আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের রূপকথা লেখা জয়ের পর রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস জানালেন, পিছিয়ে পড়া অবস্থায় কোন কৌশলে যাবেন, কোন খেলোয়াড়কে নামাবেন—এ ব্যাপারে ক্রুস-মদরিচদের সঙ্গেই আলোচনা করেছেন আনচেলত্তি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন, কিন্তু তার আগে দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আনচেলত্তির আলোচনার এই অভ্যাস তো সব সময়ই ছিল।
চেলসিতে জন টেরি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবাদের সঙ্গে যখন আনচেলত্তি এভাবে দল নিয়ে আলোচনা করতে গেলেন, টেরি-দ্রগবাদের কী বিস্ময়! ‘সত্যি বলতে আমার ক্যারিয়ারে আর এমন কোনো কোচ দেখিনি, যিনি খেলোয়াড়দের এভাবে প্রশ্ন করেন, তাদেরও দায়িত্ব দেন’—কোচেস ভয়েস ম্যাগাজিনে টেরির বিস্ময়। ‘আমি, ফ্র্যাঙ্ক, দিদিয়েরের সঙ্গে কথা বলার সময় তিনি আমাদের ভাবনাটা বোঝার চেষ্টা করতেন। তাঁর কৌশলটা খেলোয়াড়দের জন্য চাপের হয়ে যায় কি না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি না, সঠিক ভারসাম্যটা পাচ্ছি কি না’—টেরির কাছ থেকেই শোনা গেল আনচেলত্তির আলোচনার বিষয়বস্তু।
নিজের চাওয়া খেলোয়াড়দের ওপর না চাপিয়ে খেলোয়াড়দের চাহিদাকে সম্মান দিয়ে কীভাবে সবচেয়ে ভালো ফল বের করা যায়, সেটি যে আনচেলত্তির সব সময়ই মূল বিবেচনা ছিল, সেটি তো রিয়ালে তাঁর প্রথম দফায়ও পরিষ্কার। বেনজেমাকে তখন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের মাঝে সমন্বয়কের ভূমিকায় রেখেছিলেন আনচেলত্তি, তাতে বেনজেমাকে বেশির ভাগ সময় প্রতিপক্ষ গোলপোস্টের উল্টো দিকে ফিরেই খেলতে হতো। তাঁর গোল কমে যাবে জেনেও বেনজেমা সহজেই তা মেনে নিয়েছেন। তবে ভূমিকাটা আগে রোনালদোকে দিতে চেয়েছিলেন আনচেলত্তি। কিন্তু রোনালদো যখন জানালেন ‘বাঁ দিক থেকে বক্সে ঢোকাই তাঁর জন্য সবচেয়ে ভালো’, আনচেলত্তির উত্তর কী ছিল? জানাচ্ছেন ক্রিস ব্র্যাডি, “যে খেলোয়াড় এত গোল করতে পারে, তার সঙ্গে তর্কে যাব কেন”—কার্লোর ভাবনা ছিল এটিই।’ যাননি বলেই হয়তো রিয়ালের লা দেসিমা এসেছিল ২০১৪ সালে।
‘দেসিমো কুয়ার্তা’—১৪তম শিরোপাটিও আসবে আজ? এলে আনচেলত্তিরও যে ‘কুয়ার্তা’—চতুর্থ শিরোপার রেকর্ডটা হয়ে যায়! আনচেলত্তি তা নিয়ে ভাববেন না, হয়তো একটা সিগার ধরানো ছাড়া তেমন কোনো উদ্যাপনও থাকবে না। কিন্তু রেকর্ড বইয়ে আনচেলত্তির নাম দেখতে তাঁর খেলোয়াড়েরাও যে অনুপ্রাণিত থাকবেন, সে সম্ভবত বলে দেওয়া যায়।