ইউরোর চেয়ে এগিয়ে কোপা?
আটলান্টিকের এপারে চলছে ফুটবল উৎসব, ওপারেও। কিন্তু একই সময়ে চলমান বিশ্ব ফুটবলের এ দুটি বড় টুর্নামেন্টের কোনটা বেশি জমজমাট? ইউরো, না কোপা আমেরিকা?
এমনিতে সাদাচোখে তুলনা করতে গিয়ে ইউরোর চেয়ে কোপাকে অনেকেই পিছিয়ে রাখেন। এমন কথাও প্রচলিত আছে, ইউরো হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ। তার মানে লাতিন আমেরিকার এই দুই পরাশক্তি থাকলেই এ টুর্নামেন্টকে ‘বিশ্বকাপ’ বলে দেওয়া যেত। কিন্তু গুণগত বিচারে আসলেই কি তা-ই?
এ প্রশ্নের উত্তর খোঁজার আগে দুটি টুর্নামেন্টের ইতিহাস একটু ফিরে দেখা যাক। ঐতিহ্যে কোপা অনেক এগিয়ে। গোটা ফুটবল-বিশ্বেরই সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট এটি। ১৯১৬ সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে যাত্রা শুরু টুর্নামেন্টটির এবার শততম বার্ষিকী। অন্যদিকে ইউরোর যাত্রা শুরু ১৯৬০ সালে। একই বছর টুর্নামেন্ট দুটি হচ্ছে ২০০৪ সালের পর প্রথম। সেটি অবশ্য এ বছর কোপার বিশেষ শতবর্ষীয় আসর বলে। আর এতে লাতিন আমেরিকার সঙ্গে যোগ দিয়েছে উত্তর ও মধ্য আমেরিকার দলগুলোও।
এবার তুলনায় আসা যাক। কোপার এই আসরে খেলছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের মধ্যে থাকা পাঁচটি দল। সব মিলিয়ে এমন সাতটি দল আছে, যারা খেলেছিল সর্বশেষ বিশ্বকাপের নকআউট পর্বে। আর সবচেয়ে বড় আকর্ষণ ফিফার বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের কারণে নেইমার খেলছেন না এবারের কোপায়, নইলে তিনিও থাকতেন বড় আকর্ষণ হয়ে।
কম যায় না ইউরোও। মেসি যদি কোপায় থাকেন, তাহলে ইউরোতেও আছে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং এই সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ঘটনাচক্রে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাকি পাঁচটি দল খেলছে এবারের ইউরোতে। সব মিলিয়ে ব্রাজিল বিশ্বকাপের নকআউট পর্বে খেলা দলও আছে পাঁচটি।
উয়েফার দাবি, এবারের ইউরোর প্রথম ২৬টি ম্যাচে মোট দর্শক হয়েছে ১২ লাখ। গড়ে ম্যাচপ্রতি মাঠে এসেছেন ৪৬ হাজার ১৫৩ জন দর্শক। এদিক দিয়ে খুব একটা পিছিয়ে নেই কোপাও। কোপার প্রতিটি ম্যাচে দর্শক হয়েছে গড়ে ৪৫ হাজার ১০৮ জন।
টেলিভিশন দর্শকদের বিবেচনায় নিলে কোপা অবশ্য অনেক পিছিয়ে থাকবে। বেসবল-বাস্কেটবলের দেশে হচ্ছে বলে এনবিএ, মেজর লিগ বেসবলের সম্প্রচারের ভিড়ে কোপার গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ টেলিভিশনে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রায় ৩৮ লাখ দর্শক। টেলিভিশন দর্শকের বৈশ্বিক কোনো পরিসংখ্যান আয়োজকেরা দিতে পারেননি। তবে সেটি যে ইউরোর কাছাকাছিও থাকবে না, তা বলে দেওয়াই যায়। উয়েফা টুর্নামেন্ট শুরুর আগেই দাবি করেছিল, ইউরোর প্রতিটি ম্যাচ বিশ্বজুড়ে টেলিভিশনে দেখবেন ১৩ কোটি দর্শক!
তবে বৈশ্বিক সম্প্রচারে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় ইউরোর চেয়ে কোপাকে বোধ হয় পিছিয়ে রাখা যাবে না মোটেও। সেমিফাইনাল পর্যন্ত কোপার ৩০ ম্যাচে গোল হয়েছে ৯০টি, ম্যাচপ্রতি ৩ গোল। অন্যদিকে ইউরোর গ্রুপ পর্বের ৩৬ ম্যাচে গড়ে ১.৯২ গোল সব মিলিয়ে গোল হয়েছে মাত্র ৬৯টি।
দেখার জন্য কোপা আমেরিকাই বেশি আকর্ষণীয় বলে দাবি সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ডিয়েগো লাতোরের। লা ন্যাসিওন পত্রিকায় সম্প্রতি নিজের এক কলামে লাতোরে লিখেছেন, ‘আটলান্টিকের এপারে বেশির ভাগ খেলোয়াড়ই বল পেলে আগে ভাবেন ড্রিবলিংয়ের কথা। কোপার সব বড় দলের স্ট্রাইকারদের মধ্যেই এটা সহজাত।’ লাতোরের দাবি, হাইতির মতো দুর্বল দলগুলোও এবারের কোপায় আকর্ষণীয় ফুটবল খেলেছে। ইউরোর ক্ষেত্রে সেটি বলা যাবে না।
আর এ কারণেই হয়তো যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান (পড়ুন জার্মান) কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানও বললেন, ‘আমি তো মনে করি, এবারের কোপার গুণগত মান ২৪টি দল নিয়ে আয়োজিত ইউরোর চেয়ে ভালো। এবার আমরা কোপায় যা দেখেছি, তা অবশ্যই বিশেষ কিছু। এটি যেকোনো দিক দিয়েই ইউরোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।’ রয়টার্স।