মহাদেশীয় শ্রেষ্ঠত্বের পুরস্কার ঝুলিতে। কিন্তু বিশ্বকাপ? বিশ্বকাপ জেতা তো দূর, ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় ও সম্মানজক প্রতিযোগিতায় সুযোগ কীভাবে পেতে হয়, সেটাই যেন ভুলে গেছে ইতালি।
২০১৮ বিশ্বকাপে খেলতে পারেনি, মাঝে ২০২০ ইউরো জিতলেও ২০২২ বিশ্বকাপও মাঠে গড়াবে ইতালিকে ছাড়াই। আগামী ডিসেম্বরে মেসি-নেইমাররা যখন সোনালি ট্রফির অধিকার পেতে কাতারে লড়বেন, বোনুচ্চি-কিয়েসা-ভেরাত্তিদের সময় কাটাতে হবে টেলিভিশনের সামনেই।
সময়টা নিশ্চিতভাবেই হতাশার। তবু আশায় বুক বাঁধতে তো ক্ষতি নেই! রবার্তো মানচিনি সেটাই করছেন। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির কোচের আশা, আগামী বিশ্বকাপে ইতালি সুযোগ তো পাবেই, টুর্নামেন্ট জিতেই দেখিয়ে দেবে নিজেদের সামর্থ্য!
ইতালির ক্রীড়া বিষয়ক গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে এমন আশার কথাই শুনিয়েছেন ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের সাবেক এই কোচ।
তাঁর অধীনে ইতালি অন্তত একটা বিশ্বকাপ জিতবেই, এমনটাই আশা করছেন মানচিনি, ‘আমি যখন এই দলের কোচ হলাম, আমার লক্ষ্য ছিল ইউরো ও বিশ্বকাপ জেতা। এক বছর আগে আমরা যখন ইউরো জিতলাম, তখন শিরোপা হাতে আমি নিজেই নিজেকে বলেছিলাম, এবার আরেকটা শিরোপা জিততে যাচ্ছি আমরা। আমি বিশ্বকাপের কথাই ভাবছিলাম। অবশ্যই এবার সেটা তো সম্ভব নয়, তবে আমি এখনো বিশ্বাস করি আমরা একটা বিশ্বকাপ জিতবই।’
বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিশ্বকাপে যাওয়ার সুযোগ হারায় ইতালি।
তখন দলের দায়িত্ব ছাড়ার ব্যাপারে যে চিন্তাভাবনা করেছিলেন, সেটি স্বীকার করেছেন মানচিনি, ‘ইউরো জেতার পরে একবার ভেবেছিলাম দায়িত্ব ছেড়ে দিই। কিন্তু এক বছর পরেই যেহেতু বিশ্বকাপ, তাই এ ব্যাপারে তখন আর ভাবিনি। দ্বিতীয়বার (প্লে-অফ সেমিফাইনাল হারের পর) এ নিয়ে আরও বেশি করে ভাবা শুরু করি। তখন খুব কঠিন একটা পরিস্থিতিতে পড়েছিলাম।’