এক মেসি ছাড়া রোনালদোকে সবাই ঈর্ষা করে

ওয়েইন রুনি ও ক্রিস্টিয়ানো রোনালদো। যখন ম্যানচেস্টার ইউনাইটেডে দুজন সতীর্থ ছিলেনফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের বয়সের পার্থক্যই-বা কত? রোনালদোই বরং বড় বছরখানেকের। তা-ও এখনো খেলে যাচ্ছেন বিশ্বের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ লিগে। ওদিকে এক বছরের ছোট ওয়েইন রুনি খেলার পাট চুকিয়েছেন আগেই। কোচ হিসেবে হাত পাকাচ্ছেন এখন, দায়িত্বে আছেন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব ডার্বি কাউন্টির।

মাঝেমধ্যে সময় পেলে বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে দেখা যায় তাঁকে। বিশেষজ্ঞ হতে গিয়েই যে এককালের প্রিয় বন্ধু রোনালদোর রোষানলে পড়বেন, তা ঘুণাক্ষরেও কী ভেবেছিলেন!

ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: রয়টার্স

পাঁচ বছর একসঙ্গে খেলেছেন রুনি ও রোনালদো। এ দুজনের জুটিই ইউনাইটেডকে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছিল। রুনি যেখানে ৬ বছর আগেই ইউনাইটেড ছাড়তে বাধ্য হয়েছেন, সেখানে রোনালদোকে ৩৭ বছর বয়সেও ফিরিয়েছে রেড ডেভিলরা।

আর ক্লাবের এ সিদ্ধান্তকেই ভুল বলেছিলেন রুনি। বলেছিলেন, রোনালদোকে ফিরিয়ে আনা হয়েছিল যে উদ্দেশ্যে, তা পূরণ হয়নি ইউনাইটেডের। এককালের সতীর্থ রুনির এ কথা কানে গিয়েছিল রোনালদোর। আজীবন হয় মুখে, না হয় মাঠে সমালোচনার জবাব দিয়ে যাওয়া রোনালদো এ কথা শুনে চুপ থাকেনই-বা কী করে?

ডার্বি কাউন্টির ম্যানেজারের দায়িত্বে আছেন রুনি
ছবি : রয়টার্স

ব্যস। ইনস্টাগ্রামে স্কাই স্পোর্টসের সে অনুষ্ঠানের সহ-আলোচক জেমি ক্যারাঘারের সঙ্গে রুনির পোস্ট করা একটি ছবির মন্তব্যের ঘরে এসে রোনালদো মন্তব্য করেছেন, ‘দুই ঈর্ষান্বিত!’ সে মন্তব্য দেখে জবাব দিয়েছেন রুনিও। বন্ধুর এমন মন্তব্যকে হাসিমুখেই মেনে নিয়েছেন তিনি। জানিয়েছেন, রোনালদোকে ঈর্ষা করা দোষের কিছু নয়। এক মেসি ছাড়া সবাই রোনালদোকে ঈর্ষা করেন!

আরও পড়ুন

গত বৃহস্পতিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা রুনির কাছে এ নিয়েই মতামত জানতে চেয়েছিলেন। রুনি হতাশ করেননি তাঁদের। জানিয়েছেন, ‘আমি ওর মন্তব্যটা দেখেছি আজ সকালে। আমার মনে হয় না এই বিশ্বে এমন কোনো খেলোয়াড় নেই, যে রোনালদোকে ঈর্ষা করে না। ওর যা ক্যারিয়ার, যা অর্জন, যতগুলো ট্রফি ও জিতেছে, যতগুলো গোল ও করেছে, যত টাকা ও কামিয়েছে, ওর “সিক্স প্যাক” দেহসৌষ্ঠব—এসব কিছু দেখে এক মেসি ছাড়া ওকে প্রত্যেক খেলোয়াড়ই ঈর্ষার চোখে দেখবে!’

রোনালদো এখন আবার ফিরে এসেছেন ইউনাইটেডে
ছবি: রয়টার্স

দুজনই স্যার অ্যালেক্স ফার্গুসনের গড়ে তোলা সেই দলের আক্রমণভাগের অন্যতম প্রধান হাতিয়ার ছিলেন। ইউনাইটেডে নাম কামিয়ে রোনালদো পরে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসে খেলেছেন। এখন আবার ফিরে এসেছেন ইউনাইটেডে। ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে খেলতে ফর্ম পড়া শুরু করে রুনির। পাড়ি জমান এভারটনে। সেখান থেকে এমএলএসের ক্লাব ডিসি ইউনাইটেড ও ডার্বি কাউটির হয়ে কিছুদিন খেলার পর খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন।

দেখা যাক, রুনির সাম্প্রতিক মন্তব্যের জবাবে আদৌ রোনালদো আর কিছু বলেন কি না!