কোপা আমেরিকার গ্রুপিং চূড়ান্ত
জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে নিষেধাজ্ঞা চলছে লুইস সুয়ারেজের। তাঁকে ছাড়াই ২০১৫ কোপা আমেরিকায় খেলতে হতে পারে উরুগুয়েকে। শিরোপা ধরে রাখার জন্য উরুগুয়ের সামনে এটা বড় চ্যালেঞ্জ বৈকি। তার ওপর গত পরশুর ড্র নিশ্চিত করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপে থাকা বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে এ দুই দলের সঙ্গী প্যারাগুয়ে ও জ্যামাইকা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা ব্রাজিল-কলম্বিয়া আবার মুখোমুখি হচ্ছে কোপা আমেরিকার ‘সি’ গ্রুপে। কোয়ার্টার ফাইনালে জায়গার জন্য এ দুই দলের সঙ্গে লড়বে পেরু ও ভেনেজুয়েলা।
মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে স্বাগতিক চিলি খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা দুই ‘তৃতীয়’ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। আগামী বছরের ১১ জুন শুরু হয়ে ৪ জুলাই পর্যন্ত চলবে দক্ষিণ আমেরিকার এই শ্রেষ্ঠত্বের লড়াই। এএফপি।