কোপা শেষ নেইমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখার পর এক ম্যাচ এমনিতেই নিষিদ্ধ হয়েছিলেন। তবে টুর্নামেন্ট কমিটি সেই শাস্তিটাই বহাল রাখায় পরশু অনেকেই বিস্মিত হয়েছিলেন। যদিও শৃঙ্খলা কমিটি জানিয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্তটা জানানো হবে গতকাল। চূড়ান্ত সিদ্ধান্ত হলো, নেইমার চার ম্যাচ নিষিদ্ধ। অর্থাৎ কোপা আমেরিকাই শেষ হয়ে গেছে ব্রাজিল অধিনায়কের জন্য। তবে প্রায় লিওনেল মেসির সমান উজ্জ্বল এই লাতিন আমেরিকান মহাতারকাকে হারিয়ে কোপাও হারাল আকর্ষণ।
কলম্বিয়ার সঙ্গে গত ম্যাচে হাতে বল লাগায় হলুদ কার্ড দেখেছিলেন ম্যাচের মধ্যেই। তবে তোলপাড়টা হয় শেষ বাঁশি বাজার পর। কলম্বিয়ার পাবলো আরমেরোর দিকে তাক করে বলে লাথি মেরে দেন নেইমার। পরে ঢুস দিতে যান কলম্বিয়ার জয়ের নায়ক জেইসন মুরিল্লোকেও। অখেলোয়াড়োচিত এই আচরণের শাস্তিটা অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞা হতে যাচ্ছে, এটা অনুমিতই ছিল। কিন্তু নিষেধাজ্ঞা পেলেন চার ম্যাচের। টুর্নামেন্টে দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচ, আর কলম্বিয়া ম্যাচের অখেলোয়াড়োচিত আচরণে তিন ম্যাচ।
আজ ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। হেরে গেলে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়তে পারে ব্রাজিল। জিততে পারবে নেইমারহীন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা? তাঁকে ছাড়া সেলেসাওদের সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি ছিল গত বিশ্বকাপের সেমিফাইনাল, যাতে তাদের ৭-১ গোলে হারের লজ্জা দিয়েছে জার্মানি। বিশ্বকাপের ওই ম্যাচেও নেইমারকে ছিটকে দেওয়ার পেছনে ছিল কলম্বিয়ার নাম। কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান জুনিগার ভয়ংকর চ্যালেঞ্জে কোমরের মেরুদণ্ড ভেঙে যায় কোয়ার্টার ফাইনালে।
এবারের কোপা আমেরিকায় ব্রাজিল এমনকি ফাইনাল পর্যন্ত গেলেও নেইমারকে আর পাবে না। তবে শাস্তিটা কেন বড় হলো সেটি খোলাসা করেছেন কোপার শৃঙ্খলা কমিটির সদস্য আলবার্তো লোজাদা, ‘সবচেয়ে খারাপ যেটা হয়েছে ম্যাচের পর টানেলে অপেক্ষায় থেকে সে রেফারি এনরিকে ওসেসকে অপমান করেছে।’ নিষেধাজ্ঞার সঙ্গে ১০ হাজার ডলার জরিমানাও দিতে হচ্ছে নেইমারকে।
সিদ্ধান্তের বিপক্ষে চাইলে আবেদন করতে পারবেন ব্রাজিল অধিনায়ক। তবে নিষেধাজ্ঞা নিয়ে এখনো কিছু বলেননি। এএফপি, রয়টার্স।