কোর্তোয়ার নামফলক তুলে নিল ক্ষুব্ধ আতলেতিকো-ভক্তরা
থিবো কোর্তোয়া যে কথা বলেছিলেন, তাতে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের মাথায় রক্ত চড়ে যাওয়ার কথা। সেটাই হয়েছে। আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোর বাইরে স্থাপন করা থিবো কোর্তোয়ার নামফলক তুলে নিয়েছে আতলেতিকোর সমর্থকেরা।
কী এমন বলেছিলেন কোর্তোয়া? সেটা জানার জন্য পেছনে ফিরতে হবে তিন থেকে চার দিন। এবার কোর্তোয়ার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নেমেছিল ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে। ম্যাচের আগে বেশ বড় বড় কথা বলেছিলেন আতলেতিকোর সাবেক এই গোলকিপার। এর আগে ২০১৪ সালে আতলেতিকোর হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলে হেরেছিলেন বর্তমান ক্লাব রিয়ালের কাছে।
প্রথমবারের মতো রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার উত্তেজনা থেকেই কি না, কোর্তোয়া সাদা জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জেতার আশা করে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি ২০১৪ সালে এ শিরোপা জিতিনি ঠিকই, কিন্তু কাল জিততে পারি। আমার মনে হয়, দলের সবাই রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার আশাই করছে, এর আগে তারা যতই ফাইনাল জিতুক না কেন। সেবার আমি লিসবনে হেরে গেলেও এবার শিরোপা জেতার জন্য ঠিক দলটাতেই আছি, আছি ইতিহাসের সঠিক পথে।’
কোর্তোয়ার কথায় সূক্ষ্ম ইঙ্গিত, তার মানে ২০১৪ সালে শিরোপা জেতার জন্য সঠিক দলে ছিলেন না! এমন কথা শুনে আতলেতিকোর সমর্থকেরা স্থির থাকেই–বা কী করে!
চেলসি থেকে ধারে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন বছর আতলেতিকোয় খেলে গেছেন কোর্তোয়া। খেলেছেন শতাধিক ম্যাচ। আতলেতিকোর হয়ে ন্যূনতম ১০০ ম্যাচ যিনি খেলেন, তাঁর নামে একটা ফলক বানানো হয় মাঠের বাইরে।
আতলেতিকোর সমর্থকেরা এত দিন কোর্তোয়াকে নিজেদের একজন কিংবদন্তিই ভাবত, যার সবচেয়ে বড় প্রমাণ আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোর বাইরে আতলেতিকোর অন্য কিংবদন্তিদের মতো কোর্তোয়ার নামফলক। কিন্তু ফাইনালের আগে কোর্তোয়া যে কথা বলেছেন, এরপর সে ফলক থাকে কী করে?
কোর্তোয়ার কথা শুনে আতলেতিকোর সভাপতি এনরিক সেরেজো সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘মাঠের বাইরে থাকা কোর্তোয়ার নামফলক তুলতে চাইলে কুঠার আর বেলচা নিয়ে আসুন, নামফলক তুলে ফেলুন।’ সভাপতির ‘আদেশ’ মানতে বেশি দেরি করেনি আতলেতিকো-ভক্তরা। গতকাল তারা কোর্তোয়ার নামফলক উপড়ে তুলে ফেলেছে।
তাতে কোর্তোয়ার অবশ্য ক্ষতি বৃদ্ধি হওয়ার কথা নয়। ম্যাচের আগে যা বলেছেন, মাঠের পারফরম্যান্সে সেটার প্রতিফলন দেখিয়েছেন। নয়-নয়টা সেভ করে রিয়ালকে জিতিয়েছেন ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা, নিজে হয়েছেন ম্যাচসেরা।
হয়তো কোর্তোয়ার সাফল্য দেখেও আতলেতিকোর সমর্থকদের রাগটা বেড়েছে আরও!