চিলির জয়ে শুরু কোপা

বায়ুদূষণে আক্রান্ত সান্তিয়াগোতে জরুরি অবস্থা ছিল আগের দিনও। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ নিয়ে তাই কিছুটা শঙ্কা তো ছিলই। ওদিকে ফিফার দুর্নীতিতে লাতিন ফুটবলের বেশ কয়েকজন বড় কর্তার নাম জড়িয়ে যাওয়ায় একটা গুমোট অবস্থা। কিন্তু শেষ পর্যন্ত বর্ণাঢ্য উদ্বোধনেই মাঠে গড়াল লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চিলি ইকুয়েডরকে ২-০ গোলে হারানোয় চিলিয়ান সমর্থকদের সন্ধ্যাটা হলো আরও রঙিন।
সান্তিয়াগোর ন্যাসিওনাল স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭ মিনিটে পেনাল্টি থেকে চিলিকে এগিয়ে দেন জুভেন্টাস মিডফিল্ডার আর্তুরো ভিদাল। বক্সের মধ্যে ভিদালকে ফাউল করেছিলেন ইকুয়েডরের ফরোয়ার্ড মিলার বোলানোস। পেনাল্টির বাঁশি বাজাতেও দেরি করেননি ম্যাচের আর্জেন্টাইন রেফারি পিতানা। ৮৪ মিনিটে অ্যালেক্সিস সানচেজের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান বদলি নামা নাপোলি ফরোয়ার্ড এদোয়ার্দো ভার্গাস। তবে ইকুয়েডর কিন্তু ছেড়ে কথা বলেনি। খুব ভালো দুটি সুযোগ পেয়েছিলেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া। এর মধ্যে চিলির দ্বিতীয় গোলটার মিনিট দুয়েক আগে এই ওয়েস্ট হাম ফরোয়ার্ডের হেড ফিরে আসে ক্রসবারে লেগে। জয় পেলেও তাই দলের পারফরম্যান্স নিয়ে পুরো সন্তুষ্ট নন চিলির কোচ হোর্হে সাম্পাওলি, ‘ইকুয়েডর আমাদের কাজটা বেশ কঠিন করে তুলেছিল। ওরা আরেকটু চেষ্টা করলেই আমাদের বিপদে ফেলতে পারত।’ তবে শেষ পর্যন্ত শুরুটা জয় দিয়ে করতে পেরে খুশি ম্যাচের সেরা খেলোয়াড় ভিদাল, ‘প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। একদিকে জয়ে শুরুর ইচ্ছা, অন্যদিকে স্নায়ুচাপ। শেষ পর্যন্ত ম্যাচের ফলটাই তো ধরা হবে। সেটা আমাদের পক্ষে গেছে, তাতেই আমি খুশি।’
ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ১৪ ম্যাচে চিলির এটা ১২তম জয়। মেক্সিকোর বিপক্ষে চিলি পরের ম্যাচটা খেলবে ১৬ জুন। একই দিনে ইকুয়েডরের প্রতিপক্ষ বলিভিয়া। রয়টার্স, সনি সিক্স।