নিজেদের ‘লেজার–কৌশলে’ ঘায়েল এবার সালাহরাই

এভাবেই সালাহর দিকে লক্ষ্য করে মারা হয়েছে লেজারছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাহ, বদলা আর নেওয়া হলো না মোহাম্মদ সালাহর।

প্রিয় বন্ধু সাদিও মানের সঙ্গে খেলেন একই ক্লাবে। দুজন কাঁধে কাঁধ মিলিয়ে গত কয়েক বছরে লিভারপুলকে সম্ভাব্য সবকিছুই জিতিয়েছেন। কিন্তু জাতীয় দলের জার্সিতে দুজন যে পরম প্রতিদ্বন্দ্বী। দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রথম হাসিটা হেসেছিলেন মানেই। দেশের হয়ে সালাহর মহাদেশীয় শিরোপা জয়ের আক্ষেপ বাড়িয়ে মানের হাতেই শোভা পেয়েছিল আফ্রিকা-সেরার খেতাব। তার মাসখানেক পর ‘বদলা’নেওয়ার সুযোগ পেয়েছিলেন সালাহ। আফকনসেরা সেনেগালকে হারিয়ে সালাহ যদি মিসরকে বিশ্বকাপে নিয়ে যেতে পারতেন, শিরোপা হারানোর যন্ত্রণাটা হয়তো তাতে মিটত। নিজেদের মাটিতে বিশ্বকাপ প্লে-অফের প্রথম লেগ জিতে সে দৌড়ে বেশ খানিকটা এগিয়েও গিয়েছিল সালাহর দেশ।

পেনাল্টি মিস করেছেন সালাহ
ছবি : টুইটার

কিন্তু তাতে কী! দ্বিতীয় লেগ যে বাকি ছিল! সেনেগালের ডাকারে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ৯০ মিনিট শেষে ১-০ গোলে এগিয়ে রইলো সেনেগাল। দুই লেগ মিলিয়ে ১-১ গোলে সমতা কাটাতে ম্যাচ গড়াল পেনাল্টি শুটআউটে, ঠিক যেন আফকন ফাইনাল! সেবার পেনাল্টি শুটআউটে অংশ নেননি সালাহ, তাঁর নাম আসার আগেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল। এবার অমনটা হয়নি। পেনাল্টি নেওয়ার সুযোগ পেলেন সালাহ। আক্ষেপের বোঝা তাতে বাড়ল বই কমল না। পেনাল্টি থেকে গোল করতে পারলেন না মিসরের সবচেয়ে নামকরা ফুটবল-সন্তান। মিসরের আক্ষেপ বাড়িয়ে সেনেগালকে বিশ্বকাপে নিয়ে গেলেন মানে।

আরও পড়ুন

কেন পেনাল্টি মিস করলেন সালাহ? লিভারপুলে পেনাল্টি নেওয়ার মূল দায়িত্ব তাঁরই, মাঠে সালাহ থাকলে মানেও যে সুযোগটা পান না। প্রিমিয়ার লিগে টানা ১৮টা পেনাল্টি থেকে গোল করেছেন এই মিসরীয় তারকা। লিগে টানা পেনাল্টি থেকে গোল করার দিক দিয়ে সালাহর ওপরে সাউদাম্পটনের সাবেক ইংলিশ ফরোয়ার্ড ম্যাট লে টিসিয়েরই আছেন শুধু। ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, এমন কী হলো যে পেনাল্টি নেওয়ার সময় মনোযোগ নড়ে গেল সালাহর?

বিশ্বকাপে যাচ্ছেন মানে রা
ছবি : এএফপি

ম্যাচটা যাঁরা দেখেছেন, উত্তরটা তাঁরা ভালোভাবে দিতে পারবেন। পেনাল্টি শুটআউটের পুরোটা সময় ধরে মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে ডাকারে আসা সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আনাগোনা তখন তাঁর চোখেমুখে। অবস্থা এমন যে সালাহরা ফুটবল মাঠে খেলছেন না কোনো নৈশক্লাবে খেলতে এসেছেন, ধন্দে পড়ে যাচ্ছিলেন সবাই! এমন গুরুত্বপূর্ণ সময়ে চোখে যদি লেজারের আলো পড়ে, কীভাবে ঠান্ডা মাথায় গোল দেওয়া যায়?

শুধু সালাহই নন, জিজো আর মোস্তফা মোহাম্মদও মিস করেছেন পেনাল্টি। প্রত্যেকের চোখেমুখেই এভাবে লেজার মেরেছে সেনেগাল সমর্থকেরা। ফলে কালিদু কুলিবালি ও সালিউ সিস শুরুতে পেনাল্টি মিস করলেও সমস্যা হয়নি সেনেগালের। আহমাদু বাম্বা ও ইসমাইলা সারের পর সাদিও মানে গোল করে নিশ্চিত করেছেন কাতার বিশ্বকাপে দেশের অংশগ্রহণ। শুধু লেজার মেরেই ক্ষান্ত হয়নি সেনেগালের সমর্থকেরা, ম্যাচ শেষে সালাহর দিকে উদ্দেশ্য করে পানির বোতল, ক্যানও ছুড়ে মেরেছে। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সালাহকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।

তবে পেনাল্টি নেওয়ার সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার এই সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এই কাজ করেছেন অনেকবার। এমনকি গত সপ্তাহে মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিলেন মিসরের সমর্থকেরা। ফলে প্রশ্ন উঠতে পারে, সালাহরা কি তবে নিজেদের কৌশলেই ঘায়েল হলেন? তবে এমন অবস্থায় রেফারিই বা কেন ম্যাচ চালু রাখলেন, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।

যে কৌশলেই ঘায়েল হন না কেন, তাতে মিসরীয়দের আক্ষেপ কমছে না। আফকনের শিরোপা হারানোর পর বিশ্বকাপে সুযোগ হারানো, তাও আবার একই দলের কাছে—এই জ্বালা অনেক দিন পোড়াবে সালাহকে।