পচেত্তিনোই সামলাবেন নেইমার-এমবাপ্পেকে

এক বছর বিরতির পর ডাগ আউটে দেখা যাবে পচেত্তিনোকে।ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের মধ্যে দারুণ একটি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। দুজনই ইতিহাসে প্রথমবারের মতো একটি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছেন। এমন এক অর্জনের পর এমন এক কোচকে ঘিরেই সাধারণত ভবিষ্যৎ পরিকল্পনা করা হয়। কিন্তু দুজনেরই এমন কপাল যে ছয় মাসের মধ্যেই তাঁদের কৃতিত্ব ভুলে গেছে ক্লাবের মালিকপক্ষ। বছরের মাঝপথের কথা ডিসেম্বরের পেরোনোর আগেই ভুলে গিয়েছে তারা।

আরও পড়ুন

একজন মরিসিও পচেত্তিনো। টটেনহামকে ২০১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জেতানোর হাত ছোঁয়া দূরত্বে নেওয়ার পরের বড়দিনটাই ক্লাবের সঙ্গে পার করা হয়নি পচেত্তিনোর। লিগে দলের বাজে পারফরম্যান্সের কারণে ছাঁটাই হয়েছেন টটেনহামকে বড় শক্তিতে রূপ দেওয়া এই আর্জেন্টাইন। দ্বিতীয়জন টমাস টুখেল। গত মৌসুমেই পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা টুখেলকে গতকাল রাতে ছাঁটাই করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পিএসজি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে টুখেলের চাকরি হারানোর খবর নিয়ে আর লুকোছাপার কিছু নেই। এবং এটাও নাকি নিশ্চিত হয়ে গেছে টুখেলের চাকরিটা পাচ্ছেন পচেত্তিনোই।

টুখেলকে যে বিদায় জানিয়ে দিয়েছে পিএসজি, এটা সবার আগে নিশ্চিত করেছিলেন আরএমসি স্পোর্টসের সাংবাদিক মোহামেদ বুহাফসি। টুখেলের বিদায়ের সঙ্গে সঙ্গে নতুন কোচের নামও টুইটারে জানিয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবলের খবরের জন্য নির্ভরযোগ্য এই সাংবাদিক, ‘খুব অস্বাভাবিক কিছু না হলে মরিসিও পচেত্তিনোরই পিএসজির কোচ হওয়ার কথা। সাবেক এই পিএসজি খেলোয়াড় সব সময় প্যারিসের কোচ হতে চেয়েছেন। টুখেল গতকাল তাঁর বিদায়ের খবর জেনেছেন। পিএসজি এখন জার্মান কোচের আইনজীবীদের সঙ্গে দর-কষাকষি করছে।’

বুহাফসির দেওয়া এই খবরেও যদি কারও সন্দেহ থাকত, সেটা দূর করে দিয়েছেন ফাব্রিজিও রোমানো। দলবদলের সঠিক তথ্য দেওয়ার জন্য বিখ্যাত এই ইতালিয়ান সাংবাদিকও নিশ্চিত করেছেন পচেত্তিনোই হতে যাচ্ছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের নতুন কোচ। রোমানোর দাবি, ‘পিএসজির সঙ্গে চুক্তি করেছেন মরিসিও পচেত্তিনো, নিশ্চিত খবর। এখন শুধু চুক্তির চূড়ান্ত খুঁটিনাটি (কোচের সহকারী কারা হবে, সেটাও) বাকি আর স্বাক্ষর করা বাকি। নতুন যুগের শুরু।’

পচেত্তিনোর অধীনে এ দুজন কেমন করবেন?
ফাইল ছবি: এএফপি

২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত পিএসজির জার্সিতে দেখা গিয়েছিল পচেত্তিনোকে। এবার কোচ হিসেবে তাঁকে ফিরতে দেখা যাবে প্যারিসে। মাঝে নিয়মিতই তাঁকে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ বানিয়ে ফেলা হচ্ছিল সংবাদমাধ্যমে। পিএসজিতেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর জন্য। নেইমার ও এমবাপ্পের মতো দুই মহাতারকাকে সামলাতে হবে পচেত্তিনোকে। এ কাজে ব্যর্থ বলেই তো চাকরি হারালেন টুখেল।