ফ্রান্সের বিশ্বকাপজয়ীর সঙ্গী হয়েছে আম, কাঁঠাল, লিচু

ঢাকায় বিশ্বকাপ ট্রফি হাতে ক্রিস্টিয়ান কারেম্বুছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার ও বৃহস্পতিবার—দুটি দিন বিশ্বকাপ ট্রফিতে মজেছিল বাংলাদেশ। ফুটবলের পরম আরাধ্য সে ট্রফির সঙ্গে ঢাকায় এসেছিলেন ফ্রান্সের সোনালি প্রজন্মের অন্যতম প্রতিনিধি ক্রিস্টিয়ান কারেম্বু।

১৯৯৮ বিশ্বকাপের পর ২০০০ ইউরো ও ২০০১ কনফেডারেশন কাপজয়ী ফ্রান্স দলের ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন তিনি। ক্লাব ফুটবলেও আলো ছড়িয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ। কাল রাতে ট্রফির সঙ্গে ঢাকা ছেড়েছেন কারেম্বু।

আরও পড়ুন

ঢাকা ছাড়ার সময় ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সঙ্গী হয়েছে বাংলাদেশের মৌসুমি তিন রসাল ফল আম, লিচু ও কাঁঠাল।

তথ্যটি দিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম, ‘আমরা জানতে পারি, আমাদের দেশীয় ফল আম, লিচু ও কাঁঠাল ভালো লেগেছে তাঁর। তাই ফেরার সময় ৫ কেজি হিমসাগর আম, ২০০ লিচু ও ১টি কাঁঠাল সঙ্গে দিয়ে দিয়েছি।’ এ ছাড়া কারেম্বুকে একটি নৌকাও উপহার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

৮ জুন বেলা সোয়া ১১টায় বিশ্বকাপ ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছান কারেম্বু। ওই দিন বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীকে প্রদর্শন করা হয়েছে সোনালি ট্রফিটি। বৃহস্পতিবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রেডিসন ব্লু হোটেলে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ভাগ্যবান দর্শকেরা।

১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের রবার্তো কার্লোসের সঙ্গে ক্রিস্টিয়ান কারেম্বুর বলের লড়াই
ফাইল ছবি: এএফপি

কাল শেষ দিনে ট্রফির সঙ্গে হোটেলে অলস সময় কাটিয়েছেন কারেম্বু। প্রায় ৬০ ঘণ্টার ভ্রমণ শেষে কাল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ফিফার বিশেষ বিমানে ঢাকা ছেড়েছে বিশ্বকাপ ট্রফি। কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশ থেকে ট্রফি গিয়েছে পূর্ব তিমুরে।