বদলি এমবাপ্পেই ফ্রান্সের ত্রাতা
হার, ড্র এবং ড্র। নেশনস লিগে এই হলো বিশ্বচ্যাম্পিয়নদের অবস্থা। জয়হীন!
ডেনমার্কের কাছে ২–১ গোলের হারে নেশনস লিগ শুরু করে ফ্রান্স। এরপর ক্রোয়েশিয়ার সঙ্গে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি দিদিয়ের দেশমের দল। ড্র করতে হয়। কাল রাতে ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে অবশ্য হারের চোখ রাঙানি ছিল। ভাগ্যিস, কিলিয়ান এমবাপ্পে ছিলেন!
না, পিএসজি তারকা ম্যাচের শুরু থেকে মাঠে ছিলেন না। এমবাপ্পেকে প্রথম একাদশের হয়ে খেলাননি দেশম। আঁতোয়ান গ্রিজমানের বদলি হিসেবে তাঁকে নামানো হয় ৬৩ মিনিটে।
ফ্রান্সকে সমতায় ফেরাতে ২০ মিনিট সময় নিয়েছেন এমবাপ্পে। ৮৩ মিনিটে বাঁ পায়ের জোরাল শটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তার আগে ৩৭ মিনিটে আন্দ্রেয়া উইমানের গোলে এগিয়ে ছিল অস্ট্রিয়া।
ফ্রান্সকে প্রথম জয় এনে দেওয়ার সুযোগও পেয়েছিলেন এমবাপ্পে। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে কাঁপিয়েছেন ক্রসবার। ‘এ১’ গ্রুপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ফ্রান্স।
জয় তুলে নিতে না পেরে হতাশ ফ্রান্স কোচ দেশম, ‘সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করতে না পারায় আমি হতাশ। অনেক সময় আমরা কম সুযোগ থেকেও গোল আদায় করে নিই। তবে আমি এ নিয়ে ভাবছি না। এখন খেলোয়াড়দের চোট ও ক্লান্তি নিয়ে কাজ করতে হবে।’
খেলোয়াড়দের বিশ্রাম দিতেই দলে বেশ কিছু পরিবর্তন আনেন দেশম। সেন্টারব্যাক ইব্রাহিম কোনাতের অভিষেক হয়েছে, করিম বেনজেমাকে সামনে রেখে পেছনে গ্রিজমান, ডান উইংয়ে মুসা দিয়াবে এবং বাঁ পাশে কিংসলে কোমানকে খেলান ফ্রান্সের এই কোচ। সোমবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স।
ডেনমার্কের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এমবাপ্পে। জুনের এই আন্তর্জাতিক বিরতিতে ক্রোয়াটদের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে দেশমের দল। কোচ চাইলে ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচেও তাঁকে পাওয়া যাবে বলে জানালেন এমবাপ্পে।
যদিও চোট কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এই তারকা, ‘দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের আরও উন্নতির চেষ্টা করা উচিত। কোচ চাইলে আমি খেলব। ছুটির আগে তো মাত্র একটা ম্যাচই আছে, একটু কষ্ট করে খেলে ফেলা সম্ভব।’