যে সময় হওয়ার কথা, করোনা সে সময় ইউরো হতে দেয়নি। এক বছর পিছিয়ে যখন শেষ পর্যন্ত হতে যাচ্ছে, করোনা তখনো বিদায় নেয়নি পৃথিবী থেকে। তাতে কী! করোনার ভয়ে তো সব বন্ধ করে বসে থাকলে চলবে না। ১১ জুন থেকে তাই মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলে জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদার আসর। তবে আনুষ্ঠানিক নামটা থাকছে আগের মতোই, ইউরো ২০২০। আরও একবার ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার আগে স্মৃতির ভেলা ভাসিয়ে ফিরে দেখা যাক আগের আসরগুলো।
বদলি নেমেই বাজিমাত
হতাশায় মাটিতে শুয়ে পড়া পল গাসকোয়েনের সেই ছবি ইংলিশ সমর্থকেরা মনে হয় না কোনোদিন ভুলতে পারবেন। ৫ ফুট ১০ ইঞ্চি মানুষটার চোখেমুখে অবিশ্বাস, এমন গোল কী করে মিস করলেন তিনি!
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম গোল্ডেন গোল হতে পারত সেটা। তা–ও আবার সেমিফাইনালে এবং জার্মানির মতো শত্রু দলের বিপক্ষে। গাজ্জা পারেননি এবং ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছিল টাইব্রেকারে। পেনাল্টিতে গোল করতে না পারার কষ্ট হয়তো এখনো বুকে বয়ে বেড়াচ্ছেন এখনকার ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ফুটবল ঘরে ফেরার গানটা তখন ইংলিশ সমর্থকদের মুখে মুখে। ১৯৬৬ বিশ্বকাপের ৩০ বছর পর আরও একটা বড় কোনো টুর্নামেন্টের স্বাগতিক ইংল্যান্ড। উন্মাদনায় আগের সব ইউরোকে ছাড়িয়ে যাওয়া যেন ১৯৯৬ ইউরোর নিয়তিই ছিল। কত স্মরণীয় মুহূর্তের জন্ম হলো সেই টুর্নামেন্টে, মনে রাখার মতো কত দৃশ্য!
গাসকোয়েনের বিখ্যাত উদ্যাপন, স্কটল্যান্ডের বিপক্ষে গোলের পর দুই সতীর্থ ড্যারেন অ্যান্ডারটন ও স্টিভ ম্যাকম্যানামানের মাঠেই গাজ্জার চোখেমুখে শ্যাম্পেন ঢেলে দেওয়া, নেদারল্যান্ডসের জর্ডি ক্রুইফের বিখ্যাত দৌড়, ডেনমার্কের মাইকেল লাউড্রপের জাদুকরি ছোঁয়া, ক্রোয়েশিয়ার ডেভর সুকারের কাছে গোল খেয়ে ড্যানিশ গোলরক্ষক পিটার স্মাইকেলের হতাশায় ভেঙে পড়া, ফ্রান্সের বিপক্ষে বুলগেরিয়ার রিস্টো স্টয়চকভের গোল, ইতালির বিপক্ষে চেক প্রজাতন্ত্রের রাদেজ বেজবির দুর্দান্ত পারফরম্যান্স আর পর্তুগালের ফার্নান্দো কোতোর বিখ্যাত ঝাঁকড়া চুল। তবে সব ছাপিয়ে গেছে আসলে চেকের বিপক্ষে ফাইনালে জার্মানির অলিভার বিয়েরহফের সেই ‘গোল্ডেন গোল’।
নক আউট পর্বের কোনো ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে যায়। সেখানে যে দল আগে গোল করবে, তারাই জিতে যাবে; সেটাই ‘গোল্ডেন গোল’। ফিফা নিয়মটা গ্রহণ করার পর ইউরোপিয়ান আসরে ওইবারই প্রথম দেখা গিয়েছিল সেই গোল্ডেন গোল, তা–ও আবার ফাইনালে!
দুই ফাইনালিস্টই ছিল ইউরোর সাবেক দুই চ্যাম্পিয়ন। চেক প্রজাতন্ত্র জিতেছিল ১৯৭৬ সালে, জার্মানি ১৯৭২ ও ১৯৮০ সালে। চোটের কারণে জার্মান দলের অবস্থা তখন কাহিল। ওয়েম্বলির ফাইনালে প্যাট্রিক বার্গারের গোলে চেকই এগিয়ে গিয়েছিল। ৬৯ মিনিটে জার্মানির কোচ বার্টি ফোকস বদলি নামান অলিভার বিয়েরহফকে। ৭৩ মিনিটেই গোল করে জার্মানিকে সমতায় ফেরালেন বিয়েরহফ। ১-১ ড্র ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। তারপর ৯৫ মিনিটে বিয়েরহফের সেই গোল্ডেন গোল। তৃতীয়বারের মতো ইউরোপের চ্যাম্পিয়ন জার্মানি।
একনজরে ইউরো ১৯৯৬
স্বাগতিক: ইংল্যান্ড
ফাইনালের ভেন্যু: ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন
চ্যাম্পিয়ন: জার্মানি
রানার্সআপ: চেক প্রজাতন্ত্র
সর্বোচ্চ গোলদাতা: ৫ গোল—অ্যালান শিয়ারার (ইংল্যান্ড)
প্রথমবারের মতো ইউরোর চূড়ান্ত পর্বে ১৬ দল দেখা গিয়েছিল ১৯৯৬ সালে। চারটা গ্রুপে ভাগ হয়ে খেলেছে এই ১৬ দল, প্রতি গ্রুপের সেরা দুই দল খেলেছে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে জায়গা পেয়েছিল জার্মানি, চেক, ফ্রান্স ও ইংল্যান্ড। সেখানে চেকের কাছে ফ্রান্সের হারটা বড় অঘটনই বলা যায়। টাইব্রেকারে জার্মানির কাছে ইংল্যান্ডের হারের গল্পটা তো আগেই বলা হয়েছে।
আরও যত গল্প
স্ত্রীর কথা শুনো
শুরুতে জার্মান কোচ বার্টি ফোকসের দলে ছিলেন না অলিভার বিয়েরহফ। কিন্তু উদিনেসে স্ট্রাইকার বিয়েরহফের খেলা দেখে ফোকসের স্ত্রী নাকি টুর্নামেন্টের আগে বলেছিলেন, ‘এই ছেলেকে তোমার দলে নাও। ও তোমাকে ট্রফি এনে দেবে।’ নারী যখন কিছু বলে, সেটা মন দিয়ে শোনা পুরুষের দায়িত্ব। আর সেই নারী যদি স্ত্রী হন, তাহলে তো কথাই নেই। ফোকস দায়িত্ববান পুরুষ বৈকি!
ফুটবল ঘরে ফিরেছে
চ্যাম্পিয়ন হওয়ার পর ইংল্যান্ডের অফিশিয়াল গান ‘ফুটবলস কামিং হোম’কে নিজেদের গান বানিয়ে ফেলেছিল জার্মানি। লন্ডন থেকে ট্রফি নিয়ে ফিরেছিল ওই গান গাইতে গাইতে। এমন জনপ্রিয় হয়েছিল যে জার্মানির টপচার্টেও জায়গা করে নেয় গানটা।
মায়াজাল
ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ড যখন ০-১ গোলে পিছিয়ে, তখন একটা পেনাল্টি মিস করেন স্কটিশ মিডফিল্ডার গ্যারি ম্যাক অ্যালিস্টার। ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ জাদুকর উরি গেলার পরে দাবি করেছিলেন, তিনি তাঁর জাদু দিয়ে অ্যালিস্টার শট নেওয়ার আগে বল জায়গা থেকে সরিয়ে দিয়েছিলেন।