মেসির সমস্যাটা মানসিক
ঘরোয়া লিগ আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৩ ম্যাচে সাত গোল আর চার অ্যাসিস্ট। অন্য যেকোনো খেলোয়াড় হলে এই সংখ্যাগুলো একনজর দেখেই বলা যেত, দুর্দান্ত ফর্মে আছেন সেই খেলোয়াড়। কিন্তু মেসি তো আর বাকি দশজন খেলোয়াড়ের মতো নন। দেড় দশক ধরে নিজেকে যে অনতিক্রমণীয় উচ্চতায় নিয়ে গেছেন, তাতে এসব সংখ্যাও একেবারে সাদামাটা মনে হয়। শুধু গোল বা অ্যাসিস্টের সংখ্যা বলেই নয়, এই মৌসুমে মেসিকে ঠিক মেসিসুলভ বলেও মনে হচ্ছে না। মাঠে ঠিক সেভাবে নিজের ঝলক দেখাতে পারছেন না।
মেসি কি তবে ফুরিয়ে গেলেন? নাকি মেসিকে বিরক্ত করছে অন্য কিছু? জুভেন্টাসের কোচ আন্দ্রেয়া পিরলো অবশ্য দ্বিতীয় দলেরই যাত্রী। তিনি মানতে রাজি নন, মেসির এই ‘সমস্যা’ নিছক ফুটবলীয়, ‘শুধু ক্যারিয়ার বলেই নয়, জীবনেরই একটা বিশেষ মুহূর্তে এখন আছে মেসি। কারণ, এই গ্রীষ্মে ও একটা সমস্যার মুখোমুখি হয়েছিল ওর বার্সায় থাকা-না থাকা নিয়ে। কিন্তু ম্যাচের মধ্যে সে সব সময় নিজের দাম বুঝিয়েছে। এটাকে আসলে ফুটবলীয় সমস্যা বলা চলে না; সমস্যাটা অনেকাংশেই মানসিক। এর চেয়ে বেশি আমি ব্যাখ্যা করব না, কারণ এতে আমাদের কিছু আসবে–যাবে না। ও অসাধারণ একজন খেলোয়াড়, আর বিভিন্ন সময়ে ও এটা দেখিয়েছে।’
এই মৌসুমে বার্সেলোনার অবস্থাও যে খুব ভালো, তা বলা চলে না; বিশেষ করে ঘরোয়া লিগে তো বটেই। কিন্তু চ্যাম্পিয়নস লিগে খেলতে এলে এই বার্সেলোনাই সম্পূর্ণ বিপরীতমুখী বৈশিষ্ট্য দেখাচ্ছে। বার্সার চ্যাম্পিয়নস লিগ প্রতিপক্ষ জুভেন্টাস এই বিষয়টা বেশ ভালোই বুঝেছে। বুঝেছে দেখেই জুভের কোচ পিরলো বেশ সাবধানী, ‘অন্যান্য দলের মতো বার্সেলোনাও উত্থান-পতনের মধ্যে আছে। কিন্তু ওরা বেশ কিছু ভালো ম্যাচ খেলেছে এবং ওদের এমন একজন কোচ আছেন, যিনি দলে তাঁর ছাপ রাখা শুরু করেছেন। আমার মনে হয় না তারা কোনো সমস্যার মধ্যে আছে।’
প্রথম লেগে ভঙ্গুর বার্সার বিপক্ষে বাজেভাবে হেরে বসলেও এ ম্যাচে অমনটা হবে না বলে আশাবাদী পিরলো, ‘ম্যাচটা বেশ কঠিন হবে। আমাদের বেশ কষ্ট করতে হবে জেতার জন্য। কিন্তু আমরা সুযোগ সৃষ্টি করতে চাইব, সুবিধা নিতে চাইব। আমাদের হারার কিছু নেই। আমরা জানি, আমরা প্রথম লেগে কী কী ভুল করেছি। সেগুলো শোধরানোর চেষ্টা করব।’