রটারডামে বিশ্বজয়ীদের নীল উৎসব

২০০০ ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্স দল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেবার ইউরোপসেরার মুকুট জিতেছিল ফ্রান্স।ছবি: উয়েফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে সময় হওয়ার কথা, করোনা সে সময় ইউরো হতে দেয়নি। এক বছর পিছিয়ে যখন শেষ পর্যন্ত হতে যাচ্ছে, করোনা তখনো বিদায় নেয়নি পৃথিবী থেকে। তাতে কী! করোনার ভয়ে তো সব বন্ধ করে বসে থাকলে চলবে না। ১১ জুন থেকে তাই মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলে জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদার আসর। তবে আনুষ্ঠানিক নামটা থাকছে আগের মতোই—ইউরো ২০২০। আরও একবার ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার আগে স্মৃতির ভেলা ভাসিয়ে ফিরে দেখা যাক আগের আসরগুলো।

বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইউরোপ–সেরা

‘ইতালির সঙ্গে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল খেয়ে যদি আপনি পিছিয়ে পড়েন, তাহলে আর জেতার আশা না করাই ভালো,’ স্মৃতিচারণা করতে গিয়ে বিবিসিকে বলছিলেন সাবেক ফরাসি মিডফিল্ডার ইমানুয়েল পেতি। দুর্ভাগ্যজনকভাবে ওই ম্যাচে খেলতে পারেননি আর্সেনাল, বার্সেলোনা ও চেলসিতে খেলা এই মিডফিল্ডার। চোট তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিল।

ওই ম্যাচ মানে ২০০০ ইউরোর ফাইনাল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে মার্কো দেলবভেচ্চিওর গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। স্মৃতিচারণা করতে গিয়ে ওই সময়ের কথাই বলছিলেন পেতি, ‘আমরাও ধরে নিয়েছিলাম ম্যাচটা হারতে যাচ্ছি। সব শেষ।’

বিশ্বকাপ ও ইউরো শিরোপা হাতে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
ছবি: উয়েফা

আসলেই মনে হচ্ছিল, এ ম্যাচে ফ্রান্সের আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। ইতালির রক্ষণ তখন চীনের মহাপ্রাচীর। ৯০ মিনিট পেরিয়ে যোগ হওয়া সময়ের খেলাও প্রায় শেষের পথে। কে জানে জয়ের আগাম উত্তেজনায় হয়তো ম্যাচ থেকে একটু মনোযোগ সরে গিয়েছিল ইতালির। পেতিও বললেন, ‘আমি নিশ্চিত নই, হয়তো ওরা (ইতালি) ভেবেছিল চ্যাম্পিয়ন হয়ে গেছে। ম্যাচেরও তখন শেষ সময়। ওদের একটু গা–ছাড়া মনে হলো হঠাৎ।’

সেই সময়েই নাটকীয় এক গোল করে বসলেন ফ্রান্সের ফরোয়ার্ড সিলভাইন উইলটর্ড। ম্যাচের তখন শুধু শেষ বাঁশির অপেক্ষা।

যথারীতি অতিরিক্ত সময়ে গড়াল খেলা। খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ানো ফ্রান্স তখন দারুণ উজ্জীবিত। সেই প্রাণশক্তিই বদলে দিল জিনেদিন জিদান-ইউরি জোরকায়েফ-থিয়েরি অঁরির দলকে। ১০৩ মিনিটে গোলটা করলেন ডেভিড ত্রেজেগে। গোল্ডেন গোলের নিয়মটা তখনো চালু। রটারডাম স্টেডিয়ামেও তাই নীল উৎসব শুরু হলো। প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইউরোপ–সেরা হলো ফ্রান্স।

গোল্ডেন গোলের পর ডেভিড ত্রেজেগের উল্লাস।
ছবি: উয়েফা

আসলে ফ্রান্সেরই জেতার কথা ছিল ম্যাচটা। দুই বছর আগে বিশ্বজয় করা দলটা তখন আরও শক্তিশালী। আইমে জ্যাকের অধীনে তো ওই সময়ের কোনো বিশ্বমানের স্ট্রাইকার ছাড়াই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। দুই বছর পর রগার লেমেরের হাতে সেরা ফর্মের থিয়েরি অঁরি, ডেভিড ত্রেজেগে ও নিকোলাস আনেলকা। সঙ্গে লরা ব্লঁ, মার্সেল দেশাই, দিদিয়ের দেশম এবং অতি অবশ্যই ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা জিনেদিন জিদান। পেতির দাবি, ‘আমাদের ওই দলের আটজন খেলোয়াড় ছিল, যারা নিজ নিজ পজিশনে তখন বিশ্বসেরা।’

তার ওপর প্রায় সবার বিশ্বজয়ের অভিজ্ঞতা ছিল একটা বড় শক্তি। বোদ্ধাদের মতে, শুধু ওই অভিজ্ঞতা ও মানসিক শক্তির কারণেই ইতালির বিপক্ষে ম্যাচটা অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছিল ফ্রান্স।

রূপকথার আসলে এভাবেই জন্ম হয়।

একনজরে ইউরো ২০০০

স্বাগতিক: বেলজিয়াম-নেদারল্যান্ডস

ফাইনালের ভেন্যু: দে কুইপ, রটারডাম

চ্যাম্পিয়ন: ফ্রান্স

রানার্সআপ: ইতালি

সর্বোচ্চ গোলদাতা: ৫ গোল—প্যাট্রিক ক্লাইভার্ট (নেদারল্যান্ডস), সাভো মিলোসেভিচ (সার্বিয়া)

২০০০ ইউরোয় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন প্যাট্রিক ক্লাইভার্ট।
ছবি: উয়েফা

১১তম ইউরো চ্যাম্পিয়নশিপে এসে প্রথমবার স্বাগতিক হিসেবে দেখা গেল দুটি দেশকে একসঙ্গে। ৩১টি ম্যাচে মোট গোল হয়েছিল ৮৫টি (গড়ে ২.৭৪ করে)। সবচেয়ে বেশি গোলের দুটি ম্যাচেই খেলেছে যুগোস্লাভিয়া।

স্পেনের কাছে তারা ৪-৩ গোলে হেরেছিল গ্রুপ পর্বে, কোয়ার্টার ফাইনালে ৬-১ গোলে হারে নেদারল্যান্ডসের কাছে। বড় চমক ছিল গ্রুপ ‘এ’ থেকে জার্মানি ও ইংল্যান্ডকে পেছনে ফেলে তিনটি ম্যাচই জেতে পর্তুগালের গ্রুপ–সেরা হওয়া।

স্লোভেনিয়ার সঙ্গে ৩-০ গোলে পিছিয়ে থেকে ১০ জন নিয়েও ৩-৩ ড্র করেছিল যুগোস্লাভিয়া। খেলার মান, রোমাঞ্চ, তারকাদের উপস্থিতি—সব মিলিয়ে ফুটবল লেখকদের চোখে ইতিহাসের অন্যতম সেরা ইউরো বলা হয় ২০০০ সালের আসরটাকে।

সার্বিয়ার সাভো মিলোসেভিচও সর্বোচ্চ ৫ গোল করেছিলেন।
ছবি: উয়েফা

আরও যত গল্প

সাতজনের ডাবল

১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের যে একাদশ খেলেছিল, সেখান থেকে সাতজনই ছিলেন ২০০০ ইউরোর ফাইনালের একাদশে—বার্থেজ, লিজারাজু, জোরকায়েফ, দেশাই, থুরাম, দেশম, জিদান।

সেরাদের গ্রুপ
ডি গ্রুপের চারটি দলেরই ছিল আগে ইউরো জয়ের অভিজ্ঞতা—নেদারল্যান্ডস, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক।

পেনাল্টির রাজা
নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি জিয়ানলুইজি বুফন। তাঁর জায়গায় খেলতে নেমে তিনটি পেনাল্টি সেভ করেছিলেন ফ্রান্সেসকো তোলদো। নির্ধারিত সময়ে একটি, টাইব্রেকারে দুটি।

নেদারল্যান্ডসের দুই ভাই ফ্রাঙ্ক ও রোনাল্ড ডি বোর।
ছবি: উয়েফা

ভাইদের আসর
চার জোড়া ভাই খেলেছিলেন ২০০০ ইউরোতে। সুইডেনের প্যাট্রিক ও ড্যানিয়েল অ্যান্ডারসন, ইংল্যান্ডের গ্যারি ও ফিল নেভিল, নেদারল্যান্ডসের ফ্রাঙ্ক ও রোনাল্ড ডি বোর এবং বেলজিয়ামের এমবো ও এমিলি পেনজা।

আরও পড়ুন