সমর্থকদের দুয়োতে নেইমারের জবাব

নেইমারকে দুয়ো দিয়েছে পিএসজির সমর্থকদের একটা অংশছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না হারলেই শিরোপা নিশ্চিত—এ হিসাব নিয়েই ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে লাঁসের বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। হিসাব যখন সহজ, খুব বেশি কষ্ট করার দরকার কী—নেইমার, লিওনেল মেসিরা হয়তো এমনটা ভেবেই মাঠে নেমেছিলেন!

কিন্তু সমর্থকেরা তা মানবে কেন, প্রথমার্ধ শেষে ম্যাচ যখন গোলশূন্য সমতায়, সমর্থকদের একটা অংশ দুয়ো দেওয়া শুরু করে খেলোয়াড়দের। বিশেষ করে পিএসজির সমর্থকদের দুয়োর লক্ষ্য ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

নেইমার ও এমবাপ্পে
ছবি : রয়টার্স

এর আগেও নেইমারকে দুয়ো দিয়েছে পিএসজির সমর্থকদের একটা অংশ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হারের পর ঘরের মাঠে দুয়ো শুনতে হয়েছে নেইমার, মেসি, রামোসকে। কিন্তু কালও ঘরের মাঠে নিজেদের সমর্থকদের দুয়ো শোনাটা বাড়াবাড়ি মনে হয়েছে নেইমারের কাছে। তিনি এর উত্তর না দিয়ে থাকতে পারেননি। নিজেদের সমর্থকদের কাছে দুয়ো শুনতে শুনতে হতাশ নেইমার ম্যাচ শেষে বলেছেন, ‘আমি এখানে আরও তিন বছর আছি।’

আরও পড়ুন

প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়লেও ৬৮ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। আর্জেন্টাইন তারকার গোলটিতে সহায়তা করেছেন নেইমারই। তবে ৮৮ মিনিটে করেতিঁ জ্যাঁর গোলে সমতায় ফেরে লাঁস।

পার্ক দে প্রিন্সেসে পিএসজির সমর্থকদের উচ্ছ্বাসটা তখন হঠাৎই থমকে দাঁড়ায়! রামোস-এমবাপ্পেদের মুখও ক্ষণিকের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু সাময়িক সেই হতাশা কাটিয়ে শেষ বাঁশি বাজার পর আনন্দে মাতে পিএসজি। লাঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে দশম শিরোপা নিশ্চিত করেছে প্যারিসের দলটি।

শিরোপা জয়ের আনন্দের মধ্যেও নেইমার সমর্থকদের দুয়োর বিষয়টি ভোলেননি। ম্যাচ শেষে তিনি কথা বলেছেন তা নিয়ে। বিষয়টি নিয়ে খুবই হতাশ ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘পিএসজির সঙ্গে আমার চুক্তির মেয়াদ এখনো আছে। আমি এখানে আরও তিন বছর আছি। তাই দুয়ো দেওয়া বন্ধ করো, আর নইলে তোমাদের আরও দম লাগবে।’ এর আগে সমর্থকদের দুয়োর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিবারের ছবি পোস্ট করেছিলেন নেইমার।

শিরোপা জয়ের আনন্দের মধ্যেও নেইমার সমর্থকদের দুয়োর বিষয়টি ভোলেননি
ছবি : রয়টার্স

কিলিয়ান এমবাপ্পেকে সমর্থকদের দুয়ো শুনতে হয়নি আলাদাভাবে। অবশ্য সমর্থকদের এসব দুয়োটুয়ো পাত্তা দিতেও চান না ফ্রেঞ্চ ফরোয়ার্ড। শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে খেলোয়াড়েরা দারুণভাবে উদ্‌যাপন করেছে জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা আমাদের মধ্যে শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নিয়েছি। একসঙ্গে উদ্‌যাপন করেছি। আমরা খুব খুশি। আর আমার আনন্দ কেউ নষ্ট করতে পারবে না। আমরা ইতিহাসে নাম লেখাতে চাই। সমর্থকদের প্রতিক্রিয়ার প্রভাব আমার ওপর পড়ে না। আমি শিরোপা জিততে পেরেই খুশি।’

আরও পড়ুন

পিএসজি শিরোপা জিতলেও ম্যাচ শেষ হওয়ার আগেই তাদের সমর্থকদের একটা অংশ মাঠ ছেড়ে চলে যায়। ১৫ মিনিট আগেই দলের ওপর বিরক্তি প্রকাশ করতে মাঠ ছেড়ে চলে গেছে দলটির উগ্র সমর্থক গ্রুপ ‘কালেকটিফ আলট্রাস’। তাঁরা মাঠের বাইরে নিজেদের মতো করে উৎসব করেছেন প্রতিবাদ হিসেবে।

৮৮ মিনিটে লাঁস সমতায় ফেরার পর আরও কিছু সমর্থক বেরিয়ে গেছেন। সমর্থকদের এ অংশ যে দলের সঙ্গে শিরোপা জয়ের উদ্‌যাপন করল না, পিএসজির খেলোয়াড়দের এটা খারাপ লাগেনি! পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির কথা, ‘কিছু সমর্থক যে উদ্‌যাপন করল না? আমি এর মানে বুঝি না। এটা ফুটবল, এখানে কখনো আপনি জিতবেন, কখনো হারবেন। আমরাও মানুষ, আমরাও ব্যর্থ হতে পারি। কিন্তু আমরা যে দশম লিগ শিরোপা জিতেছি, সেটাই মূল কথা।’