সমালোচনা কেন হচ্ছে, বোঝেন না কোমান

বার্সা কোচ রোনাল্ড কোমান।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শিরোপা-লড়াই এখনো জমজমাট লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে। দুই লিগেই ম্যাচ বাকি আছে দুটি করে। তবে স্পেন ও ফ্রান্স লিগ চ্যাম্পিয়ন পেয়ে যেতে পারে আজকেই। স্প্যানিশ লা লিগায় ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় স্থানের রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে দিয়েগো সিমিওনের দল। লিওনেল মেসির বার্সেলোনা আতলেতিকোর চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে। লা লিগায় শিরোপা–লড়াই এখন সীমাবদ্ধ এই তিন দলের মধ্যেই। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আতলেতিকো। ভাগ্য নিজেদের হাতেই আছে দলটির।

আজ ওসাসুনার বিপক্ষে নিজেদের ম্যাচ জিতলেই শিরোপার হাতছোঁয়া দূরত্বে চলে আসবে আতলেতিকো। আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে বার্সেলোনার লিগ জয়ের স্বপ্ন। শেষ কয়েক ম্যাচে বেশ কিছু পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। পয়েন্টগুলো না হারালে হয়তো এই অবস্থা সৃষ্টি হতো না বার্সার। ফলে, দলটার কোচ কোমানকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আগামী মৌসুমে কোমান আদৌ কোচ থাকবেন কি না, গুঞ্জন চারদিকে। বারবার এই এক জিনিস শুনতে শুনতে কোমান তিক্ত-বিরক্ত হয়ে উঠেছেন যেন। দলের সভাপতি হোয়ান লাপোর্তার কি কোমানের ওপর ভরসা আছে?

আরও পড়ুন

কোমান নিজেও সন্দিহান। সভাপতির সঙ্গে কথা হলেও তাঁর ভবিষ্যতে কী আছে, সেটা এখনো ঠিক নিশ্চিত নয়, ‘আমি বেশি ব্যাখ্যা করতে পারব না। আমি লাপোর্তার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। বার্সেলোনা, স্কোয়াড, মৌসুম, গত কয়েক ম্যাচের ফলাফল—সবকিছু নিয়ে এ কথা বলেছি। মৌসুমের শেষ আবারও কথা বলব।’

সেলতা ভিগোর বিপক্ষে আজ মাঠে নামবেন মেসিরা
ছবি: রয়টার্স

যেভাবে বার্সার সমালোচনা করা হচ্ছে, সেটাও বিঁধছে কোমানের, ‘শেষ দুই সপ্তাহে মিডিয়ার ব্যবহার দেখে মনে হয়েছে আমাদের খুব বেশি সমালোচনা করা হচ্ছে। শেষ কয়েক দিন ধরে শুধু মিডিয়ার কথা শুনলে মনে হবে আমরা অনেক বাজে খেলছি, যেটা একদমই ঠিক নয়। পুরো মৌসুমে আমরা কী কী করতে পেরেছি, সেটা বিবেচনা করা জরুরি।’

লিগ না জিতলেও এ অবস্থায় বার্সেলোনা ঠিকই কোপা দেল রে জিতেছে। সবাই ওই কৃতিত্ব কেন মাথায় রাখছে না, মাথায় ঢোকে না কোমানের, ‘আপনাকে বুঝতে হবে আমাদের কী অবস্থা ছিল, আমাদের দল কেমন ছিল, কোন কোন সমস্যার মুখোমুখি হয়েছে আমাদের এবং এত সমস্যা থাকার পরেও এই মৌসুমে আমরা কী কী অর্জন করতে পেরেছি।’

আগামী মৌসুমে থাকবেন তো কোমান?
ফাইল ছবি: এএফপি

তবে যত যা–ই হোক, মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করতে কোমানের কোনোই আপত্তি নেই, ‘সেসব মুহূর্তের জন্য আমরা হতাশ, যেসব মুহূর্তে আমরা লিগের শীর্ষে উঠতে পারতাম। তবে যেকোনো কোচের জন্যই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনি যেখানে কাজ করছেন, সেখানের সবার ভরসা যেন তাঁর ওপর থাকে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি আমি পারব, আর আমি কোচ হিসেবে দায়িত্ব পালন করে যেতে চাই।’

আজ নিজেদের মাঠে সেলতা ভিগোর বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা।