সোনার ডিম পাড়া হাঁসটাকে বাঁচাতে পারল না বাফুফে!

>বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়। কিন্তু সেই স্কুলই এখন ফুটবল থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে।
কান পাতলেই শোনা যায় দীর্ঘশ্বাস: কোথায় হারাল দেশের নারী ফুটবলে সোনালি প্রজন্ম উপহার দেওয়া কলসিন্দুর? সোনার খনিটা? সোনার ডিম পাড়া হাঁসটাকে বাঁচাতে পারল না বাফুফে!
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ফুটবল খেলে কতটা উঁচুতে উঠতে পারে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের চেয়ে বড় উদাহরণ আর হয় না। বঙ্গমাতা প্রাথমিক স্কুল ফুটবলে কলসিন্দুর স্কুল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে পুরো দেশকে চমকে দিয়েছিল। কারা এরা? এত প্রতিভা কীভাবে উঠে এল ওই একটি জায়গা থেকে!
সেই কলসিন্দুর এবার বিপরীত দিক দিয়ে চমক উপহার দিচ্ছে। বর্তমান নারী জাতীয় ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড়ও ওই স্কুল থেকে উঠে আসা। স্থানীয় পর্যায়ে বয়সভিত্তিক ফুটবলের চর্চার ফসল তো এরাই। অথচ সেই কলসিন্দুর সর্বশেষ তিনবার বঙ্গমাতার শিরোপা মঞ্চে আসা দূরের কথা, উপজেলা পর্যায় পার হয়ে চূড়ান্ত পর্বেই খেলতে পারেনি! স্কুলটিতে বন্ধই হয়ে গেছে ফুটবল চর্চা! কলসিন্দুর থেকে যতটুকু নেওয়ার ছিল, সব কি নেওয়া শেষ?
দেশের নারী ফুটবল নিয়ে এখন অনেকেরই অনেক আশা। কদিন পর প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। দেশের নারী ফুটবলের এই জাগরণের অন্যতম উপলক্ষ ছিল কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১৩ সালে শুরু। পরের দুই বছরও বঙ্গমাতায় চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেয়। শুধু চ্যাম্পিয়ন হয়েছে বলে নয়, সেখান থেকে উঠে আসা ফুটবলারদের স্কিল, খেলার ধরন দেখেও সবাই বিস্মিত! কলসিন্দুর নামটি পৌঁছে যায় তখন মানুষের ঘরে ঘরে। উচ্ছ্বাসের ঢেউ লাগে দেশের বাকি অঞ্চলেও।
সে চ্যাম্পিয়ন স্কুলটিই হারিয়ে গেল! বাফুফেও এমন কোনো উদ্যোগ নেয়নি, যাতে কলসিন্দুর যেন আগের মতো খেলে যেতে পারে। স্কুলকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বানানোর মূল কারিগর, কোচের ভূমিকায় থাকা তখনকার সহকারী শিক্ষক মফিজ উদ্দিন প্রথম আলোকে বললেন, ‘অনেক বছর হয়েছে বাফুফে আর আমাদের খোঁজখবর নেয় না। শুরুর দিকে আমাকে ডেকে নেওয়া হতো মেয়েদের অনুপ্রেরণা দেওয়ার জন্য; যেহেতু আমাদের স্কুলের বেশির ভাগ মেয়ে। কিন্তু অনেক বছর হলো আর যোগাযোগ নেই।’

গত বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে বদলি হয়ে একই ইউনিয়নের রণসিংহপুর স্কুলে আছেন মফিজ। কলসিন্দুর স্কুলের সঙ্গে সম্পর্কও তাঁর ছিন্ন হয়ে গেছে। তাঁর এখনো আফসোস হয়, ‘আমি একবার ঢাকায় গিয়ে কিরণ আপাকে (মাহফুজা আক্তার, বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান) অনুরোধ করলাম ফেডারেশন থেকে আমাদের কিছু বল ও খেলাধুলা সরঞ্জাম দেওয়ার জন্য। বললাম, আপনাদের অনেক কোচ তো বসেই থাকেন, একজন কোচ দিন। আমাদের ডাকবাংলোতে তাঁর থাকার ব্যবস্থা করে দেব। কিন্তু কোনো আগ্রহই দেখাননি তিনি।’
একই অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক মিনতি রানী, ‘বাফুফে থেকে আমাদের সহায়তা তো দূরের কথা, কখনো যোগাযোগই করে না। প্রথম দিকে যখন আমাদের মেয়েরা সুযোগ পেল, তখন যোগাযোগ করত। এখন আর যোগাযোগ নেই।’
বাফুফের অবশ্য দাবি, সুনির্দিষ্টভাবে একটি স্কুলের দায়ভার বা খোঁজ তারা কেনইবা নেবে? মাহফুজা আক্তার যেমন বলছেন, ‘আমাদের এখানে কলসিন্দুর নামে কোনো দল নেই। আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে মেয়েরা আসে, কলসিন্দুর নামে আলাদা কোনো দল নেই। সবাইকে নিয়ে আমাদের ভাবতে হয়।’
মাহফুজার যুক্তিটা আপাতদৃষ্টিতে ভালোই। কিন্তু কলসিন্দুরের অস্তিত্ব একেবারেই অগ্রাহ্য করার উপায় কি বাফুফের সত্যিই আছে? কদিন আগে নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবল দলে সাতজন সদস্যই তো কলসিন্দুর থেকে উঠে আসা।
মাহফুজা আক্তার নিজে এখন ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থা ফিফার কাউন্সিলর হয়েছেন। বাংলাদেশের কোনো ফুটবল প্রশাসক যে ফিফার কাউন্সিলরের মতো গুরুত্বপূর্ণ পদ পর্যন্ত যেতে পারলেন, প্রত্যক্ষ বা পরোক্ষেভাবে তাও নারী ফুটবলে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে ভালো করছে বলেই।
আর সবকিছুর শুরুটা হয়েছিল যেখান থেকে, তার অন্যতম বাতিঘর কলসিন্দুর এখন আলোহীন!
কেন হারিয়ে গেল কলসিন্দুর, পড়ুন এই প্রতিবেদন