হারের পরও লিভারপুলের কাছে সিটির ক্ষমা প্রার্থনা

ম্যাচের আগে নীরবতাকালীন একটি মুহূর্তছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শুরুর ঠিক কিছুক্ষণ আগের কথা। দুই দিন আগেই মর্মান্তিক হিলসবরো ট্র্যাজেডির ৩৩তম বার্ষিকী ছিল। যে ট্র্যাজেডি শুধু লিভারপুল ইতিহাসেরই নয়, বরং ফুটবল ইতিহাসেরই অন্যতম বেদনাদায়ক ঘটনা।

হিলসবরো-ট্র্যাজেডিতে মৃত্যুবরণ করা ৯৭ জন লিভারপুল–সমর্থকদের স্মরণে গতকাল ম্যানচস্টার সিটির বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনাল শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করার ঘোষণা দেন রেফারি।

সিটির কিছু সমর্থক দুয়ো দিয়েছেন নীরবতার সময়ে
ছবি : রয়টার্স

কিন্তু শেষমেশ পুরো সময় ধরে নীরবতা পালন করা সম্ভব হয়নি।

হয়নি ম্যানচেস্টার সিটির কিছু সমর্থকের কারণেই। নীরবতা চলার সময় বেশ কয়েকজন লিভারপুল ক্লাব, তাঁদের সমর্থক ও হিলসবরোতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে দুয়ো দিতে শুরু করেন। প্রবল নৈঃশব্দ্যের মধ্যে যে দুয়োধ্বনি বেশ বাজেভাবেই ধরা দেয় কানে। যে কারণে রেফারি মাইকেল অলিভার চাইলেও এক মিনিটের পুরোটা সময় ধরে নীরবতা পালন করাতে পারেননি। এ ঘটনায় ক্ষমা চেয়েছে ম্যাচে ৩-২ গোলে হেরে যাওয়া সিটি।

লিভারপুল জিতেছে ৩-২ গোলে
ছবি : রয়টার্স

নিজেদের সমর্থকদের জঘন্য কাণ্ডে সমর্থন দেওয়ার কোনো চেষ্টা করেনি ম্যানচেস্টার সিটি। আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে লিভারপুলের কাছে, ‘ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতাকালে কিছু সমর্থকদের কাণ্ডে ম্যানচেস্টার সিটি অনেক হতাশ। লিভারপুল ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে ম্যানচেস্টার সিটি আন্তরিকভাবে ক্ষমা চাইছে।’

আরও পড়ুন

ক্ষমা প্রার্থনার পর এই ঘটনার জন্য ম্যানচেস্টার সিটিকে ক্ষমা করে দিয়েছেন লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কয়েকজন সমর্থকের কাণ্ডের জন্য সিটিকে দোষ দেওয়া যায় না, ‘অবশ্যই আমরা সিটিকে ক্ষমা করে দিয়েছি, আমরা জানি সিটি ক্লাব হিসেবে এমন নয়। কিছু মানুষ পরিস্থিতি বুঝতে চায় না, এটাই কষ্টের বিষয়। কিন্তু আমরা ব্যাপারটা বদলাতে পারি না। সমর্থকদের এ ঘটনায় সিটির কোনো সংশ্লিষ্টতা নেই, তাই আমরা ওদের ক্ষমা করে দিচ্ছি।’

আরও পড়ুন

গোটা বিশ্বের ফুটবল ইতিহাসেই একটা মর্মান্তিক দিন ১৯৮৯ সালের ১৫ এপ্রিল। শেফিল্ড ওয়েনসডে ক্লাবের হিলসবরো স্টেডিয়ামে সেদিন এফএ কাপের সেমিফাইনালে লিভারপুল-নটিংহাম ফরেস্ট ম্যাচের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ৯৭ জন লিভারপুল–সমর্থক।

গতকাল শেষ হাসি অবশ্য লিভারপুলই হেসেছে। সাদিও মানের জোড়া গোল আর ইবরাহিমা কোনাতের এক গোল মিলিয়ে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল।