৪ ওভারে ফার্গুসন দিলেন ৯ রান, সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

সিরিজে এখন ২–১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ডএএফপি

৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান, উইকেট অবশ্য ১টি। লকি ফার্গুসন নিজের কাজটা করে দিয়েছেন ঠিকঠাক। তাঁর এমন কৃপণ বোলিংয়ের সঙ্গে মিচেল সান্টনার-বেন সিয়ার্সদের দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় টি–টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩৬ রানে আটকে রাখে নিউজিল্যান্ড।

অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল ওই রান তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে। ২২ বল ও ৮ উইকেট হাতে জয় পেয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

টসে জিতে আগে ফিল্ডিং নেন স্বাগতিক অধিনায়ক স্যান্টনার। পাওয়ারপ্লের সময়ই আসল ধাক্কাটা তাঁরা দিয়ে দেন দক্ষিণ আফ্রিকাকে। ৬ ওভারে ৪১ রান তুললেও ৩ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। পরের ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকে ২০ রানের বেশি আসে—১৯ বলে ২৩ রান করেছেন জর্জ লিন্ডা। আর শেষ দিকে ২০ বলে ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নাকোবানি মোকোয়েনা।

নিউজিল্যান্ডের রান তাড়া সহজ করে দিয়ে যান দুই ওপেনারই। ১১তম ওভারের শেষ বলে গিয়ে যখন ডেভন কনওয়ে ও টম ল্যাথামের এই জুটি ভাঙে, ততক্ষণে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ফেলেন তাঁরা। ২৬ বলে ৩৯ রান করে কেশব মহারাজের বলে আউট হন কনওয়ে।

তবে ল্যাথাম দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৭ চার ও ২ ছক্কার ইনিংসে তাঁর ব্যাট থেকে ৫৫ বলে আসে ৬৩ রান।

একই দিনে একই মাঠে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষেও জিতেছে নিউজিল্যান্ডের মেয়েরাও। শুরুতে ব্যাট করতে নেমে কিউই মেয়েদের সামনে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ওই রান ৮ বল আর ৬ উইকেট হাতে রেখে তাড়া করে স্বাগতিক মেয়েরা।

আরও পড়ুন