পদকের শীর্ষে চীন–জাপানই, বাংলাদেশ কততম

এবারের এশিয়ান গেমসে অংশ নেন বাংলাদেশের ১৮৭ ক্রীড়াবিদরয়টার্স

২০তম এশিয়ান গেমস শেষ, পদক তালিকাও চূড়ান্ত। শীর্ষে চীন, এরপর জাপান। পদক তালিকায় নাম আছে বাংলাদেশেরও। আইচি-নাগোয়ার এবারের গেমসে অংশ নিয়েছে মোট ৪৫টি দেশ, সঙ্গে একটি শরণার্থী দল। এর মধ্যে পদক জিতেছে মোট ৪০টি দেশ।

সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশের নামটি খুঁজতে অবশ্য পদক তালিকার বেশ নিচে যেতে হবে। নিচে মানে একেবারে নিচে। চারটি দেশ একটি করে জেতায় সবাই যৌথভাবে ৩৭তম। পদক তালিকায় বাংলাদেশের অবস্থানও ৩৭তমই।

বাংলাদেশ ছাড়াও একটি করে পদক জিতেছে ব্রুনেই, লাওস ও সিরিয়া। এই পদকগুলো সোনা বা রুপা নয়, ব্রোঞ্জ। বাংলাদেশকে একমাত্র ব্রোঞ্জটি এনে দিয়েছেন উশুর জিন্নাত আক্তার। তাঁকে অবশ্য খুব বেশি খেলতে হয়নি।

কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ডিসকোয়ালিফায়েড হওয়ায় সরাসরি সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেখানে চীনের উ দিয়ের কাছে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ একক ইভেন্টে এশিয়ান গেমসের পদক জিতল ৪০ বছর পর।

জিন্নাতের পর পদকের মঞ্চে ওঠার কাছাকাছি ছিল ছেলেদের ক্রিকেট দল। তবে লিটন দাসরা তৃতীয় স্থান নির্ধারণীতে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সেটি হয়নি। এবারের গেমসে মোট ১৮৭ অ্যাথলেট নিয়ে গিয়েছিল বাংলাদেশ। ক্রিকেটের পাশাপাশি কাবাডি, আর্চারি ও শুটিং থেকে পদকের আশা থাকলেও শেষ পর্যন্ত ফিরতে হয়েছে খালি হাতে।

২০২৬ এশিয়ান গেমস পদক তালিকার শীর্ষ ১০

এবারের এশিয়ান গেমসে পদকের লড়াইয়ে অবশ্য বিশেষ কোনো চমক নেই। এশিয়ান গেমসে যে দলগুলো সব সময়ই বেশি পদক জেতে, এবারও তারাই। যেমন চীন জিতেছে ১৬৯টি সোনাসহ ৩৪১টি পদক, এশিয়ান গেমসের অলটাইম পদক তালিকায়ও তারাই শীর্ষে (১,৮৪৩ সোনাসহ ৩,৯১১)।

জাপান এবার ৮৩ সোনা জিতে দ্বিতীয়, অলটাইম তালিকায়ও তারা দ্বিতীয় (১,১৬৭ সোনা)। আর ৮২৬ নিয়ে অলটাইমের তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া এবারের আসরে জিতেছে তৃতীয় সর্বোচ্চ ৩৯ সোনা।

আরও পড়ুন