খুদে অ্যাথলেটদের পাশে দাঁড়াতে জুতা নিলামে ওঠাচ্ছেন বিশ্বের তিন নম্বর পোল ভল্টার
সাউথ ইস্ট এশিয়ান গেমসে (সি গেমস) সোমবার পোল ভল্টে সোনা জেতেন আর্নেস্ত জন ওবিয়েনা। বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় ফিলিপাইনের এ পোল ভল্টার যে জুতা পরে এই পদক জিতেছেন, তা নিলামে তুলে নিজের দেশের খুদে পোল ভল্টারদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন।
সি গেমসে সোমবার নিজের টানা তৃতীয় সোনা জেতেন ওবিয়েনা। পোল ভল্টে ৫.৫৬ মিটার উচ্চতা টপকে এই গেমসে নিজের রেকর্ড নতুন করে লিখেছেন। আগামী বছর প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নেওয়া ২৭ বছর বয়সী ওবিয়েনা সি গেমসে তৃতীয় সোনার জেতার পর সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন।
সেখানে তিনি জানান, ফিলিপাইনের খুদে এক পোল ভল্টারের ভিডিও দেখেছিলেন। সেই খুদে ভল্টার উচ্চতা টপকে নিচে নামার জায়গায় কাঠের গুঁড়া ব্যবহার করেছে।
পোল ভল্টাররা যেখানে ‘ল্যান্ড’ করেন, সেটি নরম হতে হয়। যে কারণে একটু গর্ত করে কাঠের গুঁড়া ব্যবহার করে জায়গাটা নরম বানিয়েছে সেই খুদে, যেন ‘ল্যান্ড’ করার সময় দুর্ঘটনা না ঘটে। ওবিয়েনা এই ভিডিও দেখার পরই দেশের খুদে পোল ভল্টারদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সংবাদমাধ্যমের সামনে নিজের গোলাপি ও কমলা রঙের জুতা জোড়া তুলে ধরে ওবিয়েনা বলেছেন, ‘আমার কথাগুলো যাঁরা শুনছেন, তাঁদের বলছি, (জুতা দেখিয়ে) এটা চাইলে নিতে পারেন। বিক্রির টাকাটা নতুন পোল ভল্ট “পিট” কিংবা ব্যবহার করা পোল ভল্ট পিট কিনতে খরচ করা হবে। মাপমতো পোল ভল্ট পিট না পাওয়া গেলেও সমস্যা নেই, একটা ব্যবস্থা হয়ে যাবে, তবু কাঠের গুঁড়া ব্যবহার করতে দেব না।’ ২০২৪ প্যারিস অলিম্পিকে ওবিয়েনাকে তাঁর ইভেন্টে ফেবারিট ভাবা হচ্ছে। অলিম্পিকে সাফল্য পেলে এবং তারপর জুতা জোড়া নিলামে তুললে নিশ্চয়ই এখনকার চেয়ে বেশি দাম পেতেন ওবিয়েনা।