দিল্লিতে লক্ষ্যভেদ করতে পারলেন না রবিউল, ১৫তম হয়ে বিদায়

শুটার রবিউলরবিউলের সৌজন্যে

ভারতের রাজধানী দিল্লির ড. কর্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং প্রতিযোগিতায় নিজের লক্ষ্য পূরণ করতে পারলেন না বাংলাদেশের একমাত্র প্রতিযোগী রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে আজ তাঁর লক্ষ্য ছিল সেরা আটে থেকে ফাইনাল নিশ্চিত করা। কিন্তু শেষ পর্যন্ত ১৫তম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া এই শুটারকে।

বাছাইপর্বে ২২ জন শুটারের মধ্যে অষ্টম হয়ে ফাইনালে ওঠা ভারতের বিশাল সিংয়ের স্কোর ৬২৪.৬। রবিউল ৬২২.৪ স্কোর করেন। রবিউল যদি তাঁর প্রতিটি সিরিজে আরও ১ থেকে ১.৫ পয়েন্ট বেশি তুলতে পারতেন, তাহলে ফাইনালের লড়াইয়ে থাকার জোরালো সম্ভাবনা তৈরি হতো।

২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নেন রবিউল
রবিউলের সৌজন্যে

মূলত সিরিজের মাঝপথে সামান্য পয়েন্টের ব্যবধানই তাঁকে সেরা আট থেকে ছিটকে দিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারত, কাজাখস্তান ও জাপানের মতো শক্তিশালী দেশগুলোর দাপটের মধ্যেও রবিউল লড়াই চালিয়ে গেছেন। ফাইনালে উঠতে ব্যর্থ হলেও পেছনে ফেলেন কুয়েত ও সৌদি আরবের একাধিক শুটারকে।

আরও পড়ুন

স্বাগতিক দেশ হিসেবে ঘরের মাঠে বরাবরের মতোই দাপট দেখিয়েছেন ভারতীয় শুটাররা। বাছাইপর্বে বিশ্বমানের নৈপুণ্য দেখিয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতের রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল। তাঁর  স্কোর ৬৩২.১, যা রবিউলের চেয়ে প্রায় ৯.৭ পয়েন্ট বেশি।

২০২৪ সালে প্যারিস অলিম্পিকের পর বাংলাদেশের শুটিংয়ের জন্য এটিই ছিল প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। লম্বা সময় পর বড় কোনো মঞ্চে অংশ নিয়ে রবিউল নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও পদকের লড়াইয়ে থাকতে পারলেন না।

দিল্লিতে শুটিং প্রতিযোগিতার একটি মুহূর্ত
রবিউলের কোচ শারমিন আক্তার

প্রতিযোগিতা শেষে রবিউলের কোচ শারমিন আক্তার দিল্লি থেকে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘রবিউল মোটামুটি ভালোই করেছে। প্যারিস অলিম্পিকের পরে খেলতে নেমেছে, কিছুটা নার্ভাস ছিল। তারপরও সে চেষ্টা করেছে। অল্পের জন্য হলো না ফাইনালে ওঠা। প্রায় ৯০ শতাংশের শট ১০ হচ্ছিল, আরেকটু বড় ১০ হলে (১০.৫ অথবা ১০.৬) হয়তো সে ফাইনালে যেতে পারত।’

নিরাপত্তাশঙ্কায় কারণে আগামীকাল শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। ক্রিকেট দলকে অনুমতি না দিলেও দুই সদস্যের শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার।

আরও পড়ুন