নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় টাইগার উডস, গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি

গলফ কিংবদন্তি টাইগার উডসএএফপি

গলফ কিংবদন্তি টাইগার উডসের ঘটনাবহুল ক্যারিয়ারে যোগ হলো নতুন বিতর্ক। নেশাগ্রস্ত অবস্থায় (ডিইউআই) গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৫০ বছর বয়সী তারকা। শুক্রবার ফ্লোরিডায় নিজের বাড়ির কাছে এক দুর্ঘটনার উডস অক্ষত থাকলেও তাঁর বিরুদ্ধে আইন অমান্য ও পরীক্ষার নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

ফ্লোরিডায় নিজের বাড়ির কাছে জুপিটার আইল্যান্ডে আবাসিক রাস্তায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান উডস। তাঁর গাড়িটি উল্টে গিয়ে একটু দূরে থামে। ২০১৭ সালেও একবার নেশাগ্রস্ত অবস্থায় (ডিইউআই) গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন উডস। দুর্ঘটনার বিষয়ে মার্টিন কাউন্টি শেরিফ জন বুডেনসিক বলেন, উডস ব্রেথলাইজার টেস্টে (নিশ্বাসের পরীক্ষা) পার পেয়ে গেলেও তাঁর আচরণে অস্বাভাবিকতা ছিল।

এই গাড়িতে করেই যাচ্ছিলেন টাইগার উডস
এএফপি

বুডেনসিকের ভাষায়, ‘যদিও শ্বাস-প্রশ্বাসের পরীক্ষায় (ব্রেথলাইজার টেস্ট) তিনি উত্তীর্ণ হয়েছেন, তবে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা করতে রাজি হননি। এই অসহযোগিতার কারণে তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তির ক্ষতি করা এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।’

ফ্লোরিডার আইন অনুযায়ী, তাঁকে অন্তত আট ঘণ্টা কাউন্টি জেলে আটকে রাখা হয়।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শেরিফ দপ্তর থেকে টাইগার উডসের মুক্তির বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউপিবিএফের ক্যামেরায় ধরা পড়া এক ছবিতে শুক্রবার গভীর রাতে উডসকে একটি গাড়িতে চড়ে চলে যেতে দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান অবশ্য জানিয়েছে, কয়েক ঘণ্টা হাজতে থাকার পর জামিনে মুক্তি পান উডস।

আরও পড়ুন

বুডেনসিক জানিয়েছেন, ড্রাগ বিশেষজ্ঞরা বলেছেন উডসকে বেশ বিমর্ষ ও তন্দ্রাচ্ছন্ন দেখাচ্ছিল। তাঁদের ধারণা, তিনি কোনো ধরনের ওষুধ বা মাদকের প্রভাবে ছিলেন। তবে গাড়িতে কোনো ওষুধ পাওয়া যায়নি এবং উডস পরীক্ষা করতে রাজি না হওয়ায় তিনি ঠিক কিসের প্রভাবে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

বুডেনসিক আরও জানান, দুই লেনের ওই রাস্তায় উডসের গাড়ির গতি ছিল অনেক বেশি। ট্রাকটি মোড় নেওয়ার জন্য গতি কমালে উডস দ্রুত সেটিকে ওভারটেক করার চেষ্টা করেন। শেরিফের মতে, উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে এ দুর্ঘটনা প্রাণঘাতী হতে পারত।

টাইগার উডসকে আটক করে তাঁর এই ছবি প্রকাশ করে মার্টিন কাউন্টি শেরিফের অফিস
এএফপি

এ ঘটনায় উডসের ঘনিষ্ঠ বন্ধু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহানুভূতি প্রকাশ করেন। মায়ামিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে একজন অসাধারণ মানুষ, কিন্তু এখন কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।’

উডসের শরীর ও ক্যারিয়ার—দুটিই দীর্ঘদিন ধরে লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০০৯ সালের যৌন কেলেঙ্কারি তাঁর ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছিল। এরপর ২০২১ সালে ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তাঁর ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই চোট কাটিয়ে ২০২২ সালের মাস্টার্সে ফিরলেও তিনি হাঁটতে হিমশিম খাচ্ছিলেন।

গত বছর গোড়ালির চোট ও পিঠের অস্ত্রোপচারের পর চলতি সপ্তাহে টিজিএল সিমুলেটর ইনডোর গলফ লিগে অংশ নেন উডস। আগামী মাসের মাস্টার্সে খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। বলেছিলেন, ‘২৪-২৫ বছর বয়সে শরীর যেভাবে ধকল সইত, এখন আর তেমনটা হয় না। তবে আমি চেষ্টা থামাইনি।’

গলফ ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় পিজিএ ট্যুরে স্যাম স্নিডের সমান সর্বোচ্চ ৮২টি শিরোপা জিতেছেন। তবে ২০২৪ সালের জুলাইয়ে ব্রিটিশ ওপেনের পর থেকে তাঁকে আর কোনো ট্যুরে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি।